রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল করোনায় আক্রান্ত

অবিলম্বে মোদী-যোগীর করোনা টেস্ট করার দাবি

রামমন্দিরের ভূমিপূজন অনুষ্ঠানে এক মঞ্চে মোহন্দ নৃত্যগোপাল দাসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ ও মোহন ভাগবত। —ফাইল চিত্র

সন্ধান২৪.কম ডেস্ক  : করোনা আক্রান্ত এ বার রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মোহন্ত নৃত্যগোপাল দাস। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, গত সপ্তাহে রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানের সময় তাঁর সঙ্গে একই মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।তাঁদের পাশাপাশি ঘেঁষাঘেষি করে মঞ্চে দাঁড়াতেও দেখা গিয়েছিল। এরপরই এবার এই ইস্যুতে আসরে নামল বামেরা। অবিলম্বে মোদী-যোগীর করোনা টেস্ট করার দাবি তুলেছেন তাঁরা।

রাম মন্দিরের ভূমিপুজোর আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সেখানকার সহকারী পুরোহিত ও ১৬ জন নিরাপত্তারক্ষী। তারপরও ধূমধামের সঙ্গেই হয়েছে ভূমিপুজো। আর সেই ভূমিপুজোর কয়েকদিনের মধ্যে করোনায় আক্রান্ত হলেন রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহন্ত নিত্যগোপাল দাস। বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

তবে এর পর মোদী, আদিত্যনাথরাও হোম আইসোলেশন বা নিভৃতবাসে যাবেন কি না, তা স্পষ্ট নয়। মোহন্ত নৃত্যগোপাল দাস বর্তমানে মথুরায় রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন মথুরার জেলাশাসক।

করোনাভাইরাসের জন্য পিছিয়ে দিয়ে শেষ পর্যন্ত গত ৫ অগস্ট রামমন্দির নির্মাণের সূচনা হয় অযোধ্যায়। মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ববিধি-সহ সংক্রমণ এড়াতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার এক সপ্তাহ পর রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাসের করোনা রিপোর্ট পজিটিভ এল। ওই দিন মূল অনুষ্ঠান মঞ্চে নৃত্যগোপাল দাস, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ ছাড়াও ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, আরএসএস প্রধান মোহন ভাগবত।

 

Exit mobile version