সরকার আবার নতুন খেলা শুরু করেছে: মির্জা ফখরুল

নির্বাচনকে সামনে রেখে মিথ্যা মামলা দিয়ে সরকার আবার নতুন খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামনে নির্বাচনের ঢোল বাজচ্ছে। নির্বাচন নির্বাচন খেলা করে আবার তারা সেই নির্বাচনের বৈতরণি পার হতে চায়। সব বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে আটক করে একতরফাভাবে নির্বাচন করে নিতে চায়।

শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা শহরে ডায়রিয়া রোগের প্রকোপ বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ৬২ বছরের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া হচ্ছে এখন। আইসিডিডিআর,বি বলেছে, ৬২ বছরে এত রোগী কখনো আসেনি। কেন আজ এত রোগী? কারণ ঢাকা শহরের প্রতিটি ট্যাপের পানি দূষিত। লাইনের পানি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়াতে বোঝাই। এ কারণে আজ প্রতিদিন ১৪০০-১৫০০ লোকের ডায়রিয়া হচ্ছে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ১০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকলেও তাকে সরানো যায় না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তাকে দেশের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়। তার বেতন পাঁচ লাখ টাকার ওপরে। তাকে অনেকবার সরানোর চেষ্টা করা হয়েছে; কিন্তু সরানো যায়নি। কারণ, তিনি প্রধানমন্ত্রীর পছন্দের মানুষ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ রোজার মাসে আমরা একটা শসা কিনতে পারি না, বেগুন কিনতে পারি না। দুঃখ হয়, যখন প্রধানমন্ত্রী আমাদের রান্নার নতুন রেসিপি দেন। তিনি বলেন, ‘মিষ্টিকুমড়া দিয়ে বেগুনি বানাও।’ আওয়ামী লীগ জনগণের সঙ্গে সব সময় প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

গ্যাস চুরি হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকারের গ্যাস তোলার ইচ্ছা নেই। কারণ আমদানি করলে অনেক বেশি পয়সা পাওয়া যায়। সরকার যে ব্যক্তিদের দিয়ে গ্যাস আমদানি করে, তাদের নাম তো সবাই জানেন। এ সেই যে আমাদের শেয়ার মার্কেট লুট করেছেন। এখন গ্যাস আমদানি করে আমাদের গ্যাসের সম্ভাবনাকে নষ্ট করে দিয়ে মানুষের পকেট থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছেন। শুধু তাই না, এই লোকটাই যখন করোনা শুরু হলো, তখন ভারত থেকে ভ্যাকসিন আনতে গিয়ে কোটি কোটি টাকা তার পকেটে ঢুকিয়েছেন।

শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, ফিরোজ-উজ-জামান মোল্লা, শ্রমিক দলের আবুল খায়ের খাজা, আবুল কালাম আজাদ, মেহেদি আলী খান, জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান বাবুল, মোস্তাফিজুল করীম মজুমদার, জুলফিকার মতিন, কাজী আমীর খসরু, খোরশেদ আলম প্রমুখ।

Exit mobile version