সন্ধান২৪.কমঃ সৌদি আরবে গৃহকর্তার নির্যাতনে নিহত গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে দেশটির ক্রিমিনাল কোর্ট। একই রায়ে আরও দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সৌদি আরবে বাংলাদেশী গৃহকর্মী মোসা. আবিরন বেগম হত্যা মামলার রায় ঘোষণা করেছে রিয়াদের একটি অপরাধ আদালত। হত্যাকান্ডের সাথে জড়িত তিন আসামির মধ্যে একজনের মৃত্যুণ্ডসহ ভিন্ন ভিন্ন শাস্তির আদেশ প্রদান করেছে। গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) মামলাটির রায় ঘোষণা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রায়ে মামলার প্রধান আসামি গৃহকত্রী আয়েশা আল জিজানীর বিরুদ্ধে ইচ্ছাকৃত এবং সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ড সংঘটনের দায়ে আদালত ‘কেসাস (জানের বদলে জান)’ এর রায় প্রদান করেছে। অপর দুই আসামির একজন গৃহস্বামী বাসেম সালেমের বিরুদ্ধে হত্যাকাণ্ডের আলামত ধ্বংস, গৃহকর্মীকে নিজ বাসার বাইরে অবৈধভাবে কাজে পাঠানো এবং গৃহকর্মীর চিকিৎসার ব্যবস্থা না করার অভিযোগে আদালত ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানাসহ বিভিন্ন মেয়াদে মোট ৩ বছর ২ মাস কারাভোগের আদেশ প্রদান করেছে।
আদালত মামলার আরেক আসামি ওয়ালিদ বাসেদ সালেমকে ৭ মাস কিশোর সংশোধনাগার কেন্দ্রে থাকার আদেশ দিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং এই বিচারকার্য ত্বরান্বিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে। প্রবাসী কর্মীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সকল সহযোগিতা প্রদান করার কথা জনিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
