সন্ধান২৪.কমঃ মঙ্গলবার সে দেশের বিশেষ ফাস্টট্র্যাক ট্রাইব্যুনাল-১ প্রায় দু’দশক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টা করায় ১৪ ইসলামি জঙ্গিকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল বাংলাদেশের আদালত। ‘ফায়ারিং স্কোয়াডে’ গুলি করে দোষী সাব্যস্তদের সাজা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সে ক্ষেত্রে আইনি বাধা-বিপত্তি এলে ফাঁসিকাঠে ঝুলিয়ে সাজা কার্যকর করতে বলা হয়েছে।

ফাস্টট্র্যাক ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মহম্মদ কামরুজ্জামান বলেন, ‘‘এই ধরনের নৃশংস এবং ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্যই দোষীদের এমন দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার সিদ্ধান্ত। যদি না আইনি প্রতিবন্ধকতা আসে।’’

সাজাপ্রাপ্তরা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি)-এর সদস্য বলে জানা গিয়েছে। ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকায় শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় নির্বাচনী সভা ছিল হাসিনার। সভাস্থলের কাছে একটি চায়ের দোকানের পিছনে ১০০ কেজির বেশি ওজনের বোমা লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। প্রথমে ৭৪ কেজি বোমা উদ্ধার করে পুলিশ। তার পর আরও ৪০ কেজি বোমা উদ্ধার করা হয়।


