ভোটে হেরে গিয়ে ৭ বার কান ধরে পানিতে ডুব দিয়ে না দাড়ানোর প্রতিজ্ঞা

সন্ধান২৪.কমঃ ‘জীবনে আর কখনও ভোট করবেন না’ বলে প্রতিজ্ঞা করে কান ধরে উঠবস করলেন মোকলেছুর রহমান নামের এক ব্যক্তি। যার ৫২ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েছে। বাড়ির পাশের খালের পানিতে কান ধরে উঠবস করে তিনি এ শপথ করেন। 

তিনি মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয় বরণ করেছেন। ভিডিওতে দেখা গেছে, শীতের সকালে ঠাণ্ডা পানিতে কান ধরে পানিতে ডুব দিচ্ছেন মোকলেছুর রহমান।

এ সময় তিনি বলছেন, ‘আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত কমিশনার ভোট আর করবো না, করবো না, করবো না।’ এসময় তিনি ঠাণ্ডা পানিতে সাতটি ডুব দিয়ে আর কখনও ভোট না করার প্রতিজ্ঞা করেন।

এ প্রসঙ্গে পরাজিত প্রার্থী মোকলেছুর রহমান বলেন, সবাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত দেখলাম টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। ভোটের আগের দিন দুপুরবেলা পর্যন্ত আমার ভোট ছিল। দুপুরের পর বিক্রি হয়ে আমার ভোট আর নেই। দেখছি হাজারের নোট সবার পকেটে পকেটে চলে গেল আর আমার ভোট উল্টে গেল। এতে মানুষের মনোভাব আমি বুঝতে পেরে আমি ভোট না করার তওবা করলাম। বুঝলাম ভালো লোকের জন্য ভোট না।
 

 

Exit mobile version