১ হাজার ১৬০ মেট্রিক টন কয়লা নিয়ে ভৈরব নদে কার্গোডুবি

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো ডুবে গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ভাটপাড়া এলাকায় ইকোপার্কের সামনে ভৈরব নদে এমভি সুরাইয়া নামের কয়লাবোঝাই কার্গোটি ডুবে যায়। জাহাজে এ সময় ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১ হাজার ১৬০ মেট্রিক টন কয়লা ছিল। ওই কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান আফিল ট্রেড ইন্টারন্যাশনালের।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১ হাজার ১৬০ মেট্রিক টন কয়লা বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখানে বড় জাহাজ থেকে কয়লা ছোট কার্গো জাহাজ এমভি সুরাইয়াতে ভরা হয়। গত ২৮ ফেব্রুয়ারি সকালে কার্গোটি হাড়বাড়িয়ায় থেকে রওনা দিয়ে পরদিন ১ মার্চ রাতে অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করে। গতকাল দুপুর ১২টার দিকে নদে ভাটা ছিল। এ সময় কার্গো জাহাজটির তলা ফেটে যায়। এরপর জাহাজে পানি উঠতে থাকে। কার্গোটি ধীরে ধীরে নদের পানিতে ডুবে যেতে থাকে। বিকেল তিনটার দিকে কার্গোটি নদের পানিতে সম্পূর্ণ ডুবে যায়।

এমভি সুরাইয়ার মাস্টার সোহাগ হোসেন বলেন, ভাটপাড়া এলাকায় ইকোপার্কের সামনে ভৈরব নদের ঘাটে জাহাজটি বাঁধা ছিল। জাহাজে ১ হাজার ১৬০ মেট্রিক টন কয়লা ছিল।

আফিল ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বলেন, কার্গো জাহাজে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রায় আড়াই কোটি টাকার কয়লা ছিল। জাহাজটি ঘাটে বাঁধা ছিল। কয়লাবোঝাই জাহাজটি নদে ডুবে গেছে। এতে সব কয়লা ভিজে গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হবে, তা এই মূহূর্তে বলা সম্ভব নয়। কয়লা ছড়িয়ে না পড়ায় নদের পানি দূষণের ঘটনা ঘটবে না।

Exit mobile version