২৬ এপ্রিল থেকে ২ সপ্তাহ ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ করোনা সংক্রমণ রোধে

সন্ধান২৪,কমঃ  ভারতে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী । এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীকাল থেকে ১৪ দিনের জন্য স্থলবন্দর বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন চলবে।’

রোববার সকালে স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে।

ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে

ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সৃষ্টি হয়েছে অক্সিজেনের চরম সংকট। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে।

সর্বশেষ হিসাবে ভারতে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার মানুষ। গত ১০ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। প্রতিদিন মারা যাচ্ছে দুই হাজারের বেশি।

এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

মার্চের শেষে বাংলাদেশেও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ে। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে বিধিনিষেধ অব্যহত রয়েছে। চলতি মাসের প্রথম দিকে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলেও কয়েক দিন ধরে সংক্রমণের হার কিছুটা কমছে। মৃত্যুর সংখ্যাও কমেছে, যদিও তা এখনো উদ্বেগজনক।

 

Exit mobile version