অনুমতি ছাড়া কেউ ইসরায়েল গেলে তাকে শাস্তি পেতে হবে-পররাষ্ট্রমন্ত্রী মোমেন

সন্ধান২৪.কমঃ আমরা ইসরায়েলকে স্বীকার করি না। বাংলাদেশ থেকে কেউ ইসরায়েলে ভ্রমণ করতে পারবেন না। সরকারের অনুমতি ছাড়া দেশটিতে ভ্রমণ করতে গেলে তাকে শাস্তি পেতে হবে- এক কথা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার ফিলিস্তিনের জনগণের সহায়তার জন্য বিকন ফার্মাসিটিকেলস লিমিটেডের দেওয়া ওষুধ সামগ্রী গ্রহণকালে  এ সব কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকন ফার্মাসিটিকেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম এসব ওষুধ সামগ্রী হস্তান্তর করেন। জর্ডানের মাধ্যমে এ মানবিক সহায়তা ফিলিস্তিনের জনগণের জন্য পাঠানো হবে।

ড. মোমেন উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণকে মানবিক সহায়তা হিসেবে ৫০ হাজার ডলার প্রদান করবেন। বাংলাদেশ এ সহায়তা অব্যাহত রাখবে। বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা সরাসরি ফিলিস্তিনের জনগণের জন্য সহায়তা প্রদান করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত দৃঢ় সমর্থন ছিল। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে ফিলিস্তিনের জন্য সহায়তা করে আসছে। ১৯৬৭ সালের পূর্বের সীমানা অনুসারে দ্বিরাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, একদিন স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের সমস্যা বারবার তুলে ধরেছে।

 

Exit mobile version