আইএস কাবুলে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করল

সন্ধান২৪.কম: আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)  আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে । বৃহস্পতিবার ভয়াবহ ওই জোড়া বিস্ফোরণে ১২ মার্কিন সেনাসহ অন্তত ৬০ জন নিহত ও ১৪০ জনের বেশি আহত হয়েছে। এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে আইএস। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, আইএস-এর একজন আত্মঘাতী বোমা হামলাকারী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে থাকা অনুবাদক ও সহযোগীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছে। এর আগে এই বিস্ফোরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রও আইএসকে দায়ী করেছে।

বিদেশি সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের চুক্তি হয় তালেবানের সঙ্গে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এরপর আফগানিস্তানে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। এছাড়া ২০১১ সালের পর আফগানিস্তানে এক ঘটনায় সবচেয়ে বেশি মার্কিন সেনা নিহতের ঘটনা এটি। ওই বছর আগস্টে আফগানিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩০ মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

এদিকে  এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তালেবানও। তারা বলেছে, মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা স্থানে বিদেশি সেনাদের উপস্থিতিতে এ হামলা হয়েছে। বিশ্ব সম্প্রদায়ের উচিত বেসামরিক আফগানদের লক্ষ্য করে চালানো এই হামলার নিন্দা জানানো।

বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ম্যাককেঞ্জি বলেছেন, আফগানিস্তানে এখনো প্রায় এক হাজার মার্কিন নাগরিক রয়েছে। তাই তাদের নিরাপদে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ বিষয়ের ওপর তারা গুরুত্ব দিচ্ছে।

 

Exit mobile version