আজ নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার পর্দা উঠছে

বিকেলে উদ্বোধন করবেন কবি মুহাম্মদ নুরুল হুদা

সন্ধান২৪.কম: আজ চারদিনব্যাপী ৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার পর্দা উঠছে জ্যামাইকায়। বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।
২৩ মে রাতে জ্যাকসন হাইটসে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের কর্মকর্তারা। সব দিক থেকে এবারের বই মেলা অতিতের সব কিছুকে ছাপিয়ে যাবে তারা মনে করছে। বইমেলাকে ঘিরে ইতিমধ্যে নিউইয়র্কে অতিথিদের পদচারনায় মুখোরিত হয়ে উঠেছে।

মতবিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বাংলা বই মেলায় অন্তত ৪০ টি প্রকাশনা সংস্থার ১০ হাজার নতুন বই থাকছে। বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক, লেখক ও শিল্পীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বইমেলায়। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার প্রতিষ্ঠিত ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়।
বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় পরিচিতি সভায় অংশ নেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নুরুন নবী, কো-চেয়ারপার্সন নিনি ওয়াহিদ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা ও উপদেষ্টা ফারুক ভূইয়া প্রমূখ। উপস্থিত অতিথিরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এবারের বই মেলা বাংলা সাহিত্যে এক অনন্যামাত্রা যোগ এবং সেই সাথে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে।
বাংলাদেশ,ভারত ও প্রবাস থেকে উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন পর্বে আলোচক হিসেবে থাকছেন ওয়াশিংটন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, নিউ ইয়র্ক কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা, ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাঃ সারোয়ার আলী, ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ আরেফিন সিদ্দিকী, কথা সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে, প্রবীন সাংবাদিক ও সাপ্তাহিক আজকাল প্রধান সম্পাদক মনজুর আহমদ,বিশ্ব ভারতীর অধ্যাপক ড প্রহ্লাদ রায়, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমদ, লেখক হাসান ফেরদৌস, ফেরদৌস সাজেদীন, আহমদ মাযহার, ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি সাইফুল্লাহ মহমুদ দুলালকোলকাতার শুকতারা ও নবকল্লোল সম্পাদক রূপা মজুমদার প্রমূখ।

এবারের বইমেলায় ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের উপর বিশেষ কয়েকটি সিনেমা। অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশক কে পুরস্কৃত করা হবে। দেয়া হবে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা।

প্রকাশনী প্রতিষ্ঠানের মধ্যে থাকছে সময়, অনন্যা,নালন্দা,কথা প্রকাশ,বিদ্যা প্রকাশ,মাওলা ব্রাদার্স, মুক্তধারা নিউ ইয়র্ক, স্বদেশ শৈলী, কাশবন, ইত্যাদি, অন্বয়, দেব সাহিত্য কুটির, কাকলী, বিশ্বসাহিত্য কেন্দ্র, গ্রন্থকুটির, বাংলা একাডেমী,বাতিঘরসহ বেশ কিছু প্রতিষ্ঠান।
আমন্ত্রিত শিল্পী (গায়ক, অভিনেতা) থাকছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, নিরুপমা রহমান(অস্ট্রেলিয়া), গবেষক ও কণ্ঠশিল্পী আফজাল হোসেন, অভিনেতা ও পরিচালক আহকাম উল্লাহ, আবৃত্তি শিল্পী লিলি ইসলাম প্রমূখ।এছাড়া যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক থেকে অনেক শিল্পী সংগীত পরিবেশন করবেন।
অংশগ্রহণকারী সহযোগী সংগঠন হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা, অন্যথিয়েটার (টরন্টো) জনকন্ঠে নজরল (নিউ জার্সি), বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, সঙ্গীত পরিষদ,উদীচী,আড্ডা, বাফা, আনন্দধ্বনিসহ বেশ কিছু সংগঠন।
নিউ ইয়র্ক বাংলা বইমেলাকে সামনে রেখে প্রতিবছরই একটি স্মারক সংকলন প্রকাশিত হয়। এবারের এই সংকলনে নিউ ইয়র্ক বাংলা বইমেলার ইতিহাস এবং নানান গুরুত্বপূর্ণ দিক তুলে আনার চেষ্টা করা হয়েছে বলে মতবিনিময় সভা থেকে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা বলেন, এ বছরের বইমেলার একটি উল্লেখযোগ্য সংযোজন ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্য জেনোসাইড ’৭১ এই শীর্ষক একটি চিত্র প্রদর্শনী। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী প্রদর্শনীটি উদ্বোধন করতে ইতোমধ্যেই নিউইয়র্কে পৌঁছেছেন। জেনোসাইড এখনো কেন আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, এই শীর্ষক একটি সেমিনারও থাকছে অনুষ্ঠানসূচিতে।

বিশ্বজিত সাহা আরও বলেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা মেলার তৃতীয় দিন (রবিবার) একক সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানের শেষদিন (সোমবার) থাকবে দিনব্যাপী শিশু-কিশোর-যুবা উৎসব, তারুণ্যের উল্লাস। বই মেলা শেষ হবে ২৭ মে।

 

 

 

Exit mobile version