আফগানিস্তানে গাড়িবোমা হামলায় ৩১ সরকারি বাহিনীর সদস্য নিহত

সন্ধান২৪.কম : আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে রবিবার এক গাড়িবোমা হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩১ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৪ জন। নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন কর্মকর্তা হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

রবিবারের এ ঘটনায় হতাহত আরও বাড়তে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান গজনির গাড়ি বোমা হামলার ঘটনাটি নিশ্চিত করেন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। প্রাদেশিক হাসপাতালের ডিরেক্টর বাজ মোহাম্মদ হেমাত জানান, ৩০টি মৃতদেহ এবং আহত ২৪ জনকে হাসপাতালে আনা হয়েছে।

তিনি বলেন, হতাহতদের সবাই নিরাপত্তা কর্মী। জনসাধারণের সুরক্ষায় নিয়োজিত একটি সরকারি বাহিনীর সদস্য তারা।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাহিনীটির কমপাউন্ডকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এতে আশপাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটিতে সাম্প্রতিক কিছু হামলার জন্য তালেবান গোষ্ঠীকে দায়ী করে থাকে আফগান সরকার। এ ব্যাপারে সশস্ত্র ইসলামি গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তারা হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

দুই দশক ধরে যুদ্ধে জর্জরিত আফগানিস্তানে সরকার ও তালেবান গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা চলছে। এ ছাড়া দেশটি থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নেয়ারও প্রক্রিয়া শুরু হয়েছে।

এর মধ্যে গত কয়েক মাসে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সরকারি বাহিনীকে লক্ষ্যবস্তু করে এসব হামলা চালানো হচ্ছে। যাতে শিকার হচ্ছেন বেসামরিক নাগরিকেরাও।

 

Exit mobile version