আফগানিস্তানে তালিবানি হামলায় হত ১১, আহত ৬৩

২৪ ঘণ্টার মধ্যে ফের আফগানিস্তানে তালিবানি হামলা। রবিবার পৃথক দু’টি হামলায় কমপক্ষে ১৯ জন নিরাপত্তারক্ষী প্রাণ হারান। সোমবার হামলার নিশানিয় ছিল আফগান গোয়েন্দা দফতরের কার্যালয়।
 
আফগানিস্তানে তালিবানি হামলা...
আফগানিস্তানে তালিবানি হামলা…

হাইলাইটস

  • সমানগান প্রদেশের আইবাক শহরে হামলা
  • বিস্ফোরণে নিহত ১১
  • জখম আরও ৬৩, বিস্ফোরণ ছাড়াও অনেকেই গুলিতে জখম
  • খতম ৩ জঙ্গি
সন্ধান২৪.কম ডেস্ক: সোমবার দেশের উত্তর প্রান্তে আইবাক শহরে আফগান গোয়েন্দা সংস্থার দফতরে তালিবানি হামলায়  কমপক্ষে ১১ নিরাপত্তা কর্মী-আধিকারিক নিহত হয়েছেন।

আফগান গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিওরিটি (NDS)-র অফিসকে টার্গেট করা হয়েছিল। অফিস চত্বরের মধ্যে একটি গাড়িতে জোরালো বিস্ফোরণ ঘটানো হয়। যার জেরে ১১ নিরাপত্তাকর্মী নিহত হন।
তালিবান বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করে পরে বিবৃতি দিয়ে জানায়, আইবাক শহরে এনডিএসের অফিসে এদিন হানা দিয়েছিল বন্দুকধারীরা। অফিস চত্বরে রাখা একটি গাড়ির ভিতরে ঢুকে  আত্মঘাতী বিস্ফোরণ  ঘটানো হয়েছে।
সমানগান প্রদেশের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিম ১১ নিরাপত্তা কর্মী-আধিকারিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আহত ৬৩ জনের মধ্যে আধিকাংশই সাধারণ নাগরিক। বিস্ফোরণ ছাড়াও একাধিক জন তালিবানি জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন। গভর্নরের মুখপাত্র সেদিক আজিজি এদিন সন্ধ্যায় জানান, চার ঘণ্টা ধরে তাণ্ডব চলে তালিবানদের। তিন সশস্ত্র জঙ্গি নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হওয়ার পর এই হত্যালীলা শেষ হয়।

কয়েক দশক ধরে চলা ‘যুদ্ধ’র অবসানে জঙ্গিদের সঙ্গে নিরন্তর শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগান সরকার। তালিবানদের সঙ্গে শান্তিচুক্তি রক্ষা করতে এমনকী আমেরিকাও আফগানিস্তানের মাটি থেকে তাদের সেনা সরিয়ে নিতে শুরু করেছে। শান্তির সদিচ্ছা দেখিয়ে আফগান সরকার ইতিমধ্যে কয়েক দফায় একাধিক তালিবান জঙ্গিকে মুক্তি দিয়েছে।
Exit mobile version