তেহরান, ২০ এপ্রিল: পশ্চিম এশিয়ার দেশগুলো আবার উত্তপ্ত হয়ে উঠেছে। যুদ্ধবিরতি চলার কথা মঙ্গলবার পর্যন্ত। কিন্তু রবিবার মধ্যরাত থেকেই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চরমে ওঠে ।
মার্কিন সেনা গত কয়েকদিন ধরেই হরমুজ অবরুদ্ধ রেখেছে । রবিবার মধ্যরাতে হরমুজ় প্রণালীতে ইরানের পণ্যবাহী জাহাজ দখল করে নিয়েছে আমেরিকা। চিন থেকে জাহাজটি ইরান যাচ্ছিল। হরমুজ় প্রণালীর কাছে ওমান উপসাগরে তার উপরে হামলা চালানো হয়।ইরানের বান্দার আব্বাস বন্দরের দিকে যাচ্ছিল একটি জাহাজ। তাতে ইরানের পতাকা ছিল এবং পণ্য পরিবহণ করা হচ্ছিল।
আমেরিকার দাবী, তাদের অবরোধ চলাকালীন ওই জাহাজ হরমুজ়ে প্রবেশ করেছে। তাই জাহাজটি লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয়। গুলি লাগে জাহাজের ইঞ্জিন রুমে। তার পর ওই জাহাজটির দখল নেয় মার্কিন সেনা।
এই মার্কিন হামলাকে জলদস্যুর মত কাজ বলে দাবি করে ইরান। তাদের দাবি, এই হামলা করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে আমেরিকা। এরপরেই জবাব দিতে শুরু করে ইরান। সোমবার সকাল থেকেই পাল্টা ওমান উপসাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে ড্রোন হামলা চালাতে থাকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড। এই হামলায় কতটা ক্ষয় ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
তবে এই পরিস্থিতিতে নতুন করে শান্তি আলোচনায় বসবে না জানিয়ে দিয়েছে তেহরান। প্রসঙ্গত, ইরানের সঙ্গে দ্বিতীয়বার শান্তিবৈঠকে বসতে সোমবার সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছে যাওয়ার কথা মার্কিন প্রতিনিধি দলের। এবারও এই দলের নেতৃত্বে থাকার কথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।


