আবেগ পূর্ণ গানে ভারতের পাশে দাঁড়ালেন পাকিস্তানিগায়করা

সন্ধান২৪.কমঃ পাকিস্তানি জনপ্রিয় দুই গায়ক জিশান আলি এবং নৌমান আলি এবার গান গেয়ে ভারতের পাশে থাকার বার্তা দিলেন । এ আর রহমানের গাওয়া ‘আরজিয়া’ গানটি গেয়েছেন জিশান-নৌমানরা। কঠিন করোনা পরিস্থিতির মোকাবিলায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েই গানটি তৈরি করেছেন তারা।

ওই দুই কন্ঠশিল্পী গানটি গাওয়ার পর সেটি ফেসবুকে নিজেদের ওয়ালে পোস্ট করেন । এরপরই তা ব্যাপক ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দেশের এই দুর্দিনে পাকিস্তানি যুবকদের এভাবেই ভারতের পাশে থাকার বার্তাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। অনেক ভারতীয়রা গানটি শুনে তাদের ধন্যবাদও জানিয়েছেন।

ভারতের করোনা পরিস্থিতি অতি-ভয়াবহ। দেশটির এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে একাধিক দেশ। ওষুধ, অক্সিজেন, চিকিৎসা সরঞ্জাম দিয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে টানা ৬ষ্ঠ দিনের মতো তিন হাজারের ওপর মৃত্যু দেখলো ভারত। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনে। সবমিলিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন।

 

Exit mobile version