আমেরিকায় ফিরে যাচ্ছেন শ্রাবন্তী

সন্ধান২৪.কম : বেশ কিছু দিন বাংলাদেশে থাকার পর আবার আমেরিকায় ফিরে যাচ্ছেন শ্রাবন্তী ।  মা মাহমুদা সুলতানার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ৯ অক্টোবর নিউ ইয়র্ক থেকে দেশে আসেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী।
সন্তান ও শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে গত ২০ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান শ্রাবন্তীর মা। তাই মাকে হারিয়ে এবার অনেকটা নিঃস্ব হয়ে আমেরিকা ফিরে যাচ্ছেন সন্তান শ্রাবন্তী।

২ নভেম্বর  রাতের একটি ফ্লাইটে নিউ ইয়র্ক যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন শ্রাবন্তী। বলেন, ‘এবারের ঢাকা আসাটা একটু ভিন্ন। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের সঙ্গে দেখাও করতে পারিনি। রাতের ফ্লাইটে রওনা হবো।’
এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে সন্তানদের নিয়ে ঢাকা ছাড়বেন বলে জানান তিনি।

একসময়ে টেলিভিশনে মডেল ও অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন শ্রাবন্তী। ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে প্রশংসিতও হন তিনি। তবে বর্তমানে শ্রাবন্তী তার সন্তানদের নিয়ে ব্যস্ত। দুই কন্যাকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকায়। মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তার পাশে থাকতে দেশে ফিরেছিলেন এই অভিনেত্রী।

 

Exit mobile version