সন্ধান২৪.কমঃ আন্দোলনে উত্তাল ইরানে হিজাব-বিরোধী আন্দোলনে গুলি চালানোর ফলে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। কুর্দি ইরানি নারী মাহশা আমিনির গ্রেফতার ও মৃত্যু ঘিরে দেশটিতে টানা ছয় সপ্তাহের নারী নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই নতুন করে প্রাণহানির এ ঘটনা ঘটে।

বুধবার মাহশার মৃত্যুর ৪০ দিন পূর্তি উপলক্ষে তাঁরই শহরে জড়ো হয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। তাঁরা হিজাব নিয়ে সরকারের কট্টর মনোভাবের বিরুদ্ধে আওয়াজ তোলার পাশাপাশি মাহশার জন্য শোকজ্ঞাপনও করছিলেন। সেই জমায়েতেই গুলি চালায় সরকারের সশস্ত্র বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়। মূলত আগের রাতে সেখানে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বিক্ষোভকারীর সন্দেহজনক মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ব্যাংক, কর অফিস ও অন্যান্য সরকারি ভবনের জানালা ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, হিজাব-বিরোধী সেই জমায়েতের উপর নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালানোর ফলে আট জন নিহত এবং বেশ কয়েক জন বিক্ষোভকারী আহত হয়েছেন।