মলদোভায় রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ট্রান্সনিস্ত্রিয়া অঞ্চল এখনো রাশিয়ার অংশ হতে চায় বলে সেখানকার পররাষ্ট্রমন্ত্রী ভিটালি ইগনাতিয়েভ রাশিয়ার আরআইএ নভোস্তি সংবাদ সংস্থাকে বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভিটালি ইগনাতিয়েভ বলেন, রাশিয়ার অংশ হওয়ার লক্ষ্য প্রতিবেশী ইউক্রেনের যুদ্ধের কারণে প্রভাবিত হয়নি। ট্রান্সনিস্ট্রিয়ার ভেক্টর প্রজাতন্ত্র অপরিবর্তিত রয়েছে। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বরের গণভোটের ফলাফল এখনো সেখানে প্রতিফলিত হচ্ছে; যেখানে রাশিয়ান ফেডারেশনে অবাধ যোগদানের স্বাধীনতার কথা স্পষ্টভাবে বলা হয়েছে।
ট্রান্সনিস্ত্রিয়া ইউক্রেনের পশ্চিম সীমান্ত এলাকায় একটি ছোট অঞ্চল। এটি মলদোভার অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও এই অঞ্চলের মানুষ নিজেদেরকে আলাদা দেশ হিসেবে দাবি করে।
মলদোভা ও ইউক্রেনের সীমান্তে অবস্থিত এ অঞ্চলটি। ১৯৯২ সালে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ছোটখাটো একটি যুদ্ধের পর ট্রান্সনিস্ট্রিয়ারকে আলাদা করে ফেলে। ওই যুদ্ধে রাশিয়া তাদের সহায়তা করে। এরপর থেকে সেখানে প্রায় ২ হাজার রুশ সেনা ও ৩০০ শান্তিরক্ষী অবস্থান করছে। ফলে ইউক্রেনে নতুন আক্রমণের জন্য লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হতে পারে বলে কিয়েভ আশঙ্কা করছে।
