করোনা প্রতিষেধক তৈরিতে সফল রাশিয়া,১২ আগস্ট আসছে টিকা

সন্ধান২৪.কম : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ আগস্ট আসতে যাচ্ছে বিশ্বের প্রথম করোনাভাইরাস টিকা। করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে সফল হয়েছে রাশিয়া। আমেরিকা, ব্রিটেন, ভারত, চীনসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশই যখন করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে গবেষণা চালিয়ে যাচ্ছে, তখনই প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। কয়েকদিনের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করে অক্টোবর থেকে গণহারে তা প্রয়োগ করা হবে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ হতে যাচ্ছে রাশিয়া। গত শুক্রবার রাশিয়া জানায়, তাদের তৈরি টিকা সব রকম পরীক্ষায় সফল হয়েছে।

রাশিয়া দাবি করে, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। ২২ জুলাই রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের ভ্যাকসিনটি প্রস্তুত। এ মাসের শুরুতে (১ আগস্ট) রাষ্ট্রীয় রুশ বার্তা সংস্থা আরআইএ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকোকে উদ্ধৃত করে জানায়, অক্টোবর মাস থেকে জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে। প্রতিষেধক উৎপাদন প্রক্রিয়ার সব খরচ বহন করবে রুশ সরকার। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানান, যারা এই ভ্যাকসিনের পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের সবার শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্রিমিল দিমিত্রিভ আগেই জানিয়েছিলেন, প্রথম দেশ হিসেবে রাশিয়া তাদের করোনার টিকা বাজারে আনবে। স্পুটনিকের মহাকাশ যাত্রা দেখে মার্কিনিরা যেমন অবাক হয়েছিল, একই ঘটনা ঘটবে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রেও। বিশ্ববাসী অবাক হয়ে রাশিয়ার সাফল্য দেখবে।

এই সাফল্য ঘোষণার পরেই যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা জানায়, এপিটি ২৯ নামের একটি দল ব্রিটিশ পরীক্ষাগারগুলোয় সাইবার হামলা শুরু করে এবং গবেষণা তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা চালায়। তবে এ ধরনের অভিযোগ মস্কো অস্বীকার করেছে।

 

Exit mobile version