সন্ধান২৪.কমঃ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছিল । কিন্তু এরপর একে একে মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গিয়েছিল দলটি।
অবশেষে ষষ্ঠ ম্যাচে এসে হারের বৃত্ত থেকে বের হতে পারল আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। আহমেদাবাদের বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা। এ জয়ের ফলে ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে তারা।
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। জবাবে শুরুতে ৩ উইকেট হারালেও মাত্র ১৬.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গেছে কলকাতা। সব মিলিয়ে তারা খুইয়েছে ৫টি উইকেট।
রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে যথাক্রমে সাজঘরে ফেরেন নিতিশ রানা (০), শুভমন গিল (৯) ও সুনিল নারিন (০)। দলের রান তখন মাত্র ১৭। বোলিংয়ে দুর্দান্ত শুরুর পর কলকাতাকে চেপে ধরার স্বপ্ন দেখতে শুরু করে পাঞ্জাব।
