সন্ধান২৪.কমঃ ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে কান সৈকতে বাংলাদেশের জয়ধ্বনি উঠল। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সম্মানজনক কান চলচ্চিত্র উত্সবের অফিশিয়াল সিলেকশনে প্রদর্শিত প্রথম বাংলাদেশি ছবির গৌরব অর্জন করল । ফলে ইতিহাসের পাতায় যুক্ত হলেন এই ছবির কলাকুশলীরা।

৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে দর্শকদের মুগ্ধ করেছে নারীকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’। পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসিতে বুধবার কান উৎসবের দ্বিতীয় দিনে সকাল সোয়া ১১টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিট) ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের পরিচালক, প্রযোজক ও পেশাদার চলচ্চিত্রকর্মী ও সাংবাদিকরা এটি দেখে প্রশংসা করেছেন। গল্প, অভিনয়, চিত্রগ্রহণ, শব্দসহ সব শাখায় মুন্সিয়ানা দেখিয়ে অভিনন্দনে ভেসেছেন ছবিটির সঙ্গে সম্পৃক্ত সবাই।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দর্শক সমাগম হতে থাকে সাল দুবুসিতে। ঘড়ির কাঁটা ১১টার ঘরে যেতেই উপচে পড়া ভিড় জমে যায় ফটকে। প্রদর্শনী শুরুর আগে সাল দুবুসির সামনে লালগালিচায় একসঙ্গে দাঁড়িয়েছেন সাদ ও তার ছবির কলাকুশলীরা।
শুরুতে সাল দুবুসির মঞ্চে আসেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। এরপর একে একে আমন্ত্রণ জানানো হয় সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদকে। পুরো প্রেক্ষাগৃহে তখন দর্শকদের করতালি। ছবি দেখা শেষে উপস্থিত সবাই দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে।
মঞ্চে ওঠার পর আবেগাপ্লুত সাদ বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এখানে আসতে পেরেছি! আমাদের জন্য বিশেষ ব্যাপার হলো, কানের অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি এটাই। আমাদের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য।’
এরপর থিয়েরি ফ্রেমোসহ অফিশিয়াল সিলেকশন কমিটির সদস্যদের ধন্যবাদ জানান সাদ। ছবিটি দেখতে সাল দুবুসিতে অসংখ্য দর্শক সমাগম হয়। তাদের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন সাদ, ‘এখানে আসার জন্য ধন্যবাদ। আশা করি, আমাদের ছবিটি ভালো লাগবে।’