কান্দাহারের আকাশে হেলিকপ্টারে মানুষ বেঁধে শাস্তি দিচ্ছে তালিবানরা

সন্ধান২৪.কম: এক ব্যক্তি আমেরিকার তৈরি ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলছেন ।মঙ্গলবার আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার দিনেই কন্দহরের আকাশে এ রকমই একটি দৃশ্য দেখা গেল । তালিবানরা শাস্তি দিতে এবং শাস্তির নমুনা দেখাতেই এমনটা করেছে । তবে ওই ব্যক্তি মৃত না জীবিত ভিডিয়োয় স্পষ্ট করে কিছু বোঝার উপায় নেই। স্থানীয় সূত্রের দাবি, তালিব জঙ্গিরা ওই ব্যক্তিকে খুন করার পর এ ভাবে হেলিকপ্টারে বেঁধে ঝুলিয়ে কন্দহর টহল দিতে বেরিয়েছিল।

ওই সূত্র আরও দাবি, আফগান সেনা এবং আমেরিকার সঙ্গে কাজ করতেন এমন ব্যক্তিদের খুঁজে বার করে তাঁদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে তালিবান। না হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। কী ধরনের শাস্তি হতে পারে তা হাতেকলমে দেখাতেই নাকি মঙ্গলবার কন্দহরের আকাশে হেলিকপ্টারে বাঁধা মানুষকে ঝুলিয়ে দেখানো হয়েছে ।

আমেরিকার শেষ সেনা মঙ্গলবার ভোররাতে আফগানিস্তান ছেড়েছে । কাবুল বিমানবন্দর থেকে শেষ বিমান ছাড়তেই তালিবানের বিশেষ প্রশিক্ষিত ‘বদরি ৩১৩’ বাহিনী সেখানে তল্লাশি অভিযানে পৌঁছে যায় । আমেরিকার ছেড়ে যাওয়া হেলিকপ্টার, বিমান, সাঁজোয়া গাড়ি এবং রকেট হামলা প্রতিরোধকারী ব্যবস্থা খতিয়ে দেখে তারা। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে। আমেরিকা দাবি করেছে, কাবুল বিমানবন্দরে থাকা তাদের সব সামরিক সরঞ্জাম অকেজো করে দিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়েছে তালিবান।

 

Exit mobile version