সন্ধান২৪.কম: ১৪ জন বাংলাদেশি দীর্ঘ ১৬ ঘণ্টা ধরে কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন । বৃহস্পতিবার (২৬ আগস্ট) দ্বিতীয় বারের মতো দেশে ফেরার চেষ্টা করছেন তারা। তাদের সঙ্গে আরও ১৬০ জন আফগান নারী শিক্ষার্থী রয়েছেন যারা চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে পড়াশোনা করছেন।
আফগান ওয়্যারলেসের প্রকৌশলী রাজীব বিন ইসলাম কাবুল বিমানবন্দর থেকে জানান, গত ১৬ ঘণ্টা ধরে তারা অপেক্ষা করছেন। এখনও বিমানবন্দরে ঢুকতে পারেননি।

তিনি বলেন, ‘তবে ভেতর থেকে আমাদের জানিয়েছে যে আমরা ঢুকতে পারবো। গতকালও আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের ক্লিয়ারেন্স দেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘আমি যে মোবাইল ফোন কোম্পানিতে কাজ করি, সেখানে কর্মরত মোট ছয়জন, ব্র্যাকের তিনজন এবং অন্য আরেকটি কোম্পানির পাঁচজন; মোট ১৪ জন আমরা একসঙ্গে রয়েছি।
কোন এয়ারলাইন্সে ফিরতে পারেন জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘ বিশেষ ফ্লাইটে আমরা ফেরত আসবো। কিন্তু ভেতরে না ঢোকা পর্যন্ত বলতে পারবো না কোন এয়ারলাইন্সের ফ্লাইটে ফিরবো।

এর আগে গতকাল বুধবার (২৬ আগস্ট) রাজীব জানিয়েছিলেন, তারা বিমানবন্দরের পথে যাওয়ার পথে থাকাকালে জানতে পারেন ইউক্রেনের একটি উড়োজাহাজ ছিনতাই হয়েছে। পরে তাদের জানানো হয়েছে, নিরাপত্তার জনিত কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে।


