কারও জায়গা কেউ নিতে পারে না : শখ

আসছে ঈদুল ফিতর উপলক্ষে ‘ফাটাফাটি প্রেম’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় গত মাসেই রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

এই নাটকের মাধ্যমেই দীর্ঘ আড়াই বছর পর ক্যামেরার সামনে এলেন তিনি। এই আড়াই বছরে বিয়ে করে ঘর-সংসারী হয়েছেন তিনি। গত বছরের সেপ্টেম্বর মাসে কন্যাসন্তানের মা-ও হয়েছেন। সবমিলিয়ে বলতে গেলে অভিনেত্রী শখের জীবন অনেকটাই বদলে গেছে।

এ প্রসঙ্গে শখ গণমাধ্যমকে জানান, ‘প্রায় দু-তিন বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। শুটিংয়ে ফিরে খুব ভালো লাগছে। বিশেষ করে আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছে, এমনটা পাব তা ভাবিনি। মনে হচ্ছে, আগের চেয়ে সবাই এখন অনেক আন্তরিক হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, কারও জায়গা কখনও নষ্ট হয় না। কারও জায়গা কেউ নিতে পারে না। আমি যখন কাজ করিনি, তখন অনেক নতুন মুখ এসেছে কিন্তু আমি আমার জায়গাতেই আছি। তাছাড়া ফিরেই দর্শকের অনেক সাড়া পেয়েছি, আমার জায়গা নষ্ট হলে এটা পেতাম না।’

Exit mobile version