কার্গো বিমানে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নায়ক ফারুককে!

 সন্ধান২৪.কম : ১৩ সেপ্টেম্বর চিত্রনায়ক-সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে উন্নত চিকিৎসার জন্য  সিঙ্গাপুর নেওয়া হচ্ছে । যাত্রীবাহী নয়, এয়ার অ্যাম্বুলেন্সেও নয়এই নায়ক নেতাকে নেওয়া হচ্ছে মালবাহী কার্গো বিমানে !  ফারুকের রক্তে সংক্রমণ ও জ্বর না কমায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
রবিবার সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের একটি ফ্লাইটে করে তাকে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে। সঙ্গে যাবেন তার সহধর্মিণী ফারহানা ফারুক। 
ফারুকের স্ত্রী ফারহানা ফারুক বলেন, ‘করোনায় পরিস্থিতি বেশ জটিল। যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিয়মিত নয়। এদিকে সময় নষ্ট করারও সুযোগ নেই। তাই মালবাহী কার্গো বিমানের বিশেষ ফ্লাইটে উনাকে সিঙ্গাপুর নেওয়া হবে। আমরা বেশ কিছুদিন ধরে হাসপাতালটির সঙ্গে যোগাযোগ করছিলাম। সেই অনুযায়ী অনুমতি পাওয়ার পরই আগামীকাল তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।’
এদিকে নায়ক ফারুককে জিজ্ঞেস করা হলো কেন কার্গো বিমানে যেতে হচ্ছে তাকে। জবাবে এই মুক্তিযোদ্ধা বলেন, ‘দেখুন আমি তো বিশেষ কেউ নই। কার্গো কি বিমান নয়? আর আমার জীবনটাই তো এমন। আজীবন মাটি ও মানুষের কাছাকাছি থেকেছি। মুক্তিযুদ্ধ করেছি, অভিনয় করেছি আবার জনসেবাও করার চেষ্টা করছি। ফলে আমার কাছে প্রাইভেট বিমান আর কার্গো বিমানের মধ্যে পার্থক্য নাই। এবং এটাও বলে রাখি, সরকার আমার চিকিৎসার জন্য সর্বোচ্চ সচেতন। সকাল-বিকাল সবাই খোঁজ নিচ্ছেন। বলছেন, আমার কী লাগবে। কিন্তু আমি কিছু নিতে চাই না, যতক্ষণ আমার সামর্থ্য আছে। আমি সবার কাছে শুধু দোয়া চাই। যেন সুস্থ হয়ে মানবসেবায় ফিরতে পারি।’

 

Exit mobile version