কাশ্মীরে পাক সেনা হামলায় তিন ভারতীয়র মৃত্যু,নিকেশ ছয় জঙ্গিও

সন্ধান২৪.কম ডেস্ক: পাক-ভারত  সীমান্তে পাক গোলাবর্ষন আর জঙ্গি দমন অভিযান ঘিরে উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। শুক্রবার রাত থেকেই আচমকা পাকিস্তানি ফৌজ গোলা বর্ষণ শুরু করে। তাতে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। এদিকে শনিবার সকালে সোপোরে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসবাদীকে খতম করে যৌথবাহিনী। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে মোট ছজন জঙ্গি নিকেশ হল। উল্লেখযোগ্য, শুক্রবারই দুদিনের সফরে কাশ্মীর ও লাদাখে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সুত্র; সংবাদ প্রতিদিন।

ফাইল ছবি

ভারতীয় সেনা বাহিনী জানান, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ পাক বাহিনী পুঞ্চের গুলপুর সেক্টরে গোলাবর্ষণ করতে শুরু করে। তারা মর্টার হামলাও চালায়। সেই মর্টারের আঘাতে খারি কারমারা সেক্টরে তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। একই পরিবারের মহম্মদ রফিক, তাঁর স্ত্রী রাফিয়া ও তাঁদের ১৫ বছরের ছেলে ইরফানের মৃত্যু হয়। তবে পাক সেনাকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও। সারারাতই ওই এলাকা থেকে গুলির আওয়াজ শোনা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে শনিবার সকাল এক জঙ্গি দমন অভিযানে খতম হয়েছে তিন সন্ত্রাসবাদী। সোপোরের আমশিপোরা গ্রামে কয়েকজন জঙ্গি ঘাঁটি গেড়েছে বলে খবর মেলে। এরপরই ভোররাতে গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। শুরু হয় তল্লাশি। পুলিশের উপস্থিতি টের পেয়েই এলোপাথারি গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পালটা গুলি চালায় যৌথবাহিনীক সদস্যরাও। তাতেই তিন জঙ্গির মৃত্যু হয়। তিনজনই হিজবুল মুজাহিদিনের সদস্য বলে মনে করা হচ্ছে। গোটা এলাকা ঘিরে রেখে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে জঙ্গিরা। 

Exit mobile version