সন্ধান২৪.কম : অভ্যন্তরীণ নৌপথে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের কানেকটিভিটি চালু হয়েছে। নৌ প্রটোকলের আওতায় প্রথমবারের মতো বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের জলপথের সঙ্গে সংযুক্ত হলো ত্রিপুরা । এর ফলে দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ নৌপথে ট্রানজিট ও বাণিজ্য প্রটোকলের (পিআইডাব্লিউটিটি) আওতায় ভারতের ত্রিপুরা রাজ্য প্রথমবারের মতো বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের জাতীয় নৌপথের সঙ্গে যুক্ত হয়েছে।
নৌ প্রটোকলে সম্প্রতি সংযুক্ত দাউদকান্দি (কুমিল্লা)-সোনামুড়া (ত্রিপুরার সিপাহিজলা জেলা) রুটে ‘ট্রায়াল রানের’ অংশ হিসেবে বাংলাদেশ থেকে ৫০ টন সিমেন্টবাহী একটি নৌযান গতকাল শনিবার সোনামুড়া নৌবন্দরে পৌঁছে। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোনামুড়ায় ওই ট্রায়াল রানকে স্বাগত জানান। বাংলাদেশে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এ সময় উপস্থিত ছিলেন।
কুমিল্লার বিবিরবাজার গোমতীর অংশে গতকাল বাংলাদেশ-ভারত পরীক্ষামূলক নৌচলাচল উদ্বোধন করেন বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক। উদ্বোধনের পরই ৫০ টন সিমেন্টবাহী একটি ট্রলার ত্রিপুরার সোনামুড়া বন্দরের উদ্দেশে রওনা হয়। তবে ট্রলারটি যাত্রা শুরুর পর কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার এলাকায় নাব্যতা সংকটের কারণে আটকে যায়। বাংলাদেশের সিমেন্টবোঝাই নৌযানটি মুন্সীগঞ্জ থেকে যাত্রা শুরু করে গত বৃহস্পতিবার। গোমতী নদীতে ৯৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তা ত্রিপুরায় পৌঁছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, কাস্টমস কর্মকর্তা সুভাষ চন্দ্র মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, তানভীর সালেহীন ইমন, কাস্টমস কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই কানেকটিভিটির প্রতিক্রিয়ায় বলেন, ‘ঐতিহাসিক মুহূর্ত! সোনামুড়া নদীবন্দরে বাংলাদেশ থেকে আসা প্রথম পরীক্ষামূলক জলযানকে স্বাগত জানিয়ে আমি অত্যন্ত আনন্দিত। ভারত-বাংলাদেশ বন্ধুত্বের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো আজ।’


