
দু’সপ্তাহ ধরে এই লড়াই একাই লড়ছেন এবং জিতছেন শাহেনশা। এখনও কোভিড পজিটিভ হলেও শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে তাঁর। অনুরাগীরা তাঁদের ‘জীবন্ত ঈশ্বর’কে দেখার জন্য প্রতি মুহূর্তে মুখিয়ে। এদিকে অমিতাভের সঙ্গেই নানাবতী হাসপাতালে কোভিডের সঙ্গে লড়ছেন অভিষেক, বউমা ঐশ্বর্যা, নাতনি আরাধ্যা বচ্চন। বচ্চন পরিবারের মহীরুহের মতোই একা একা লড়ছেন তাঁরাও!
৭৭ বছরের অমিতাভকে শরীরের সুস্থতার জন্য মনের জোরও যে ধরে রাখতে হচ্ছে, ব্লগে এ কথা স্পষ্ট। তাই দ্বিধা না করে স্পষ্ট ভাষায় অমিতাভের স্বীকারোক্তি, একা একা লড়ার রোগ কোভিড শুধু শরীরে নয়, মনেও ছাপ ফেলে। কারণ, এই লড়াইয়ে কেউ পাশে থাকে না। তাঁর পাশেও গত ১৫ দিন ধরে কেউ নেই! তিনি একা লড়ছেন এই বয়সে।
এই একাকিত্ব কি যন্ত্রণার মনে হয় তাঁর কাছে? ‘‘যন্ত্রণার না হলেও কঠিন তো বটেই’’, জানিয়েছেন অমিতাভ। আরও আক্ষেপ, সবাই তাঁর সুস্থ হয়ে ওঠার প্রার্থনা জানাচ্ছেন। তারপরেও তাঁর লড়াইটা শুধু তাঁরই।
ব্লগে সেই লড়াইয়ের বর্ণনায় অমিতাভ জানিয়েছেন, ‘‘কাছের মানুষ বলতে এখন ডাক্তারবাবু। যিনি আমার দেখভাল করছেন। তিনি ছাড়া আর কারও ঘেঁষার অনুমতি নেই। তাই চোখ ভিজে উঠলেও মুছিয়ে দেওয়ার মতো কোনও হাত আমার পাশে নেই। একা থাকার এই ভয়, হতাশা মনে ক্ষত তৈরি করতে পারে যে কোনও সময়। শরীরের মতো মনকেও কাবু করে দেয় দেখতে দেখতে। এই ক্ষত সারানোর জন্যও আলাদা যত্ন দরকার। দরকার কাউন্সেলিংয়ের, যা একা লড়াইয়ের দিনগুলোকে আস্তে আস্তে ভুলে যেতে সাহায্য করবে।’’