কেরালায় ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১৭ জনের মৃত্যু

আহত ১৭৩,নামতে গিয়ে পিছলে খাদে, দু’টুকরো বিমান

সন্ধান২৪.কম : সারা দিন ধরে তুমুল বৃষ্টি হচ্ছিল কেরলে। ফলে কমে গিয়েছে দৃশ্যমানতা। তারই মধ্যে আজ কোঝিকোড় বিমানবন্দরে নামতে গিয়ে পিছলে ৩৫ ফুট গভীর খাতে পড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। তার পরে বিমানের সামনের অংশ দু’টুকরো হয়ে যায়। কেরল প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা ১৭। তাঁদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট দীপক বসন্ত শাঠে ও কো-পাইলট অখিলেশ কুমার। 

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বিবিসি বাংলাকে ভারতীয় সময় রাত এগারোটায় জানিয়েছেন যে বিভিন্ন হাসপাতাল থেকে যে তথ্য তার কাছে এসেছে, তাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। ‍বিমানে ১৭৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, ১০টি শিশু, ২ জন পাইলট ও ৪ জন বিমানকর্মী ছিলেন। দুর্ঘটনায় আহত ১৭৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

মিসেস শৈলজা বলছেন, “চিকিৎসকরা আমাকে জানিয়েছেন যে বেশিরভাগ যাত্রীকেই বাইরে থেকে দেখে আঘাত বোঝা সম্ভব হচ্ছে না। কিন্তু চিকিৎসা শুরুর পরে দেখা যাচ্ছে ইন্টারনাল হেমারেজ হয়েছে তাদের।”

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪ নম্বর ব্যাটালিয়নের যে দলটি কোঝিকোড বিমানবন্দরে উদ্ধারকাজে নেমেছে, তার কমান্ডিং অফিসার রেখা নামিয়ার বিবিসি বাংলাকে জানিয়েছেন, “বিমান থেকে বেশ কয়েকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি সব যাত্রীকেই বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়েছে।

”আহতদের স্থানীয় কর্তৃপক্ষ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। যতক্ষণ না এনডিআরএফ সদস্যরা বিমানটির ভেতরে শেষবার খুঁটিয়ে পর্যবেক্ষণ করবেন, ততক্ষণ আমরা উদ্ধারকাজ শেষ হয়েছে বলতে পারব না। তবে মনে হচ্ছে বিমানটির ভেতরে আর কেউ আটকে নেই,” জানাচ্ছেন রেখা নামিয়ার।

 

Exit mobile version