সন্ধান২৪.কম : গরু চুরির অপবাদে এক তরুণকে খুঁটির সাথে বেঁধে রাতভর অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠেছে। তার গলায় জুতার মালা ঝুলানো হয়েছে। এমনকি মাটি কাটার কোদাল দিয়ে কেটে দেওয়া হয়েছে তার মাথার চুলও।শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত সময়ে এ ঘটেছে।
এলাকার একজন ইয়াবা কারবারি ও মানবপাচারকারির নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। গ্রামের শিশু-কিশোর ও বয়োবৃদ্ধরা প্রতিবাদ না করে এমন অমানবিক দৃশ্যটি উপভোগ করেছেন।
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনার পাড়া মোনাফ মার্কেট এলাকায় ছৈয়দ আহমদ (১৮) নামের ওই তরুণকে নির্যাতন করা হয়। শনিবার সকাল ১১টার পর ঘটনাস্থল থেকে ওই কিশোরকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, নির্যাতনের শিকার ছৈয়দ আহমদ পশ্চিম সোনার পাড়া এলাকার বৃদ্ধ দিনমজুর জাকির হোসেনের ছেলে। মোনাফ মার্কেট নামক এলাকায় একটি ছোট চা দোকান আছে তার। ১২ ঘণ্টা ধরে তাকে নির্যাতন করা হলেও এলাকার লোকজন ভয়ে তাকে উদ্ধারে যেতে পারেনি।
ঘটনায় জড়িত একই এলাকার শামসুল আলমের ছেলে জালাল উদ্দিন (৩৫) এলাকার একজন দাপুটে ব্যক্তি হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে ইয়াবা ও মানবপাচারের বেশ কয়েকটি মামলা রয়েছে। এলাকার ‘রেবি ম্যাডাম’ হিসাবে পরিচিত একজন নারী মানবপাচারকারির ভাই হচ্ছেন জালাল।
জানা যায় , রাতভর ওই ছেলেটিকে নির্যাতন করা হয়। জালাল নামের দাপুটে লোকটি এক পর্যায়ে মাটি কাটার কোদাল নিয়ে শনিবার সকালে কিশোরের মাথার চুল মুন্ডানোর চেষ্টা করে। কোদালে না পেরে পরে ক্ষুর দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। এমন একটি ভিডিও হাতে পান ইউপি মেম্বার। পরে আহমদকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার ব্যাপারে অভিযুক্ত জালাল উদ্দিন কিশোর নির্যাতনের বিষয়টি অকপটে স্বীকার করে বলেন, এলাকায় গরু চুরি যাতে না হয় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে ইনানী ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক বলেন, বিষয়টি দেখবেন।


