সন্ধান২৪.কম ঃ ১০০ বিঘা ধান ক্ষেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। বগুড়ার শেরপুরের সর্ববৃহৎ শস্যচিত্র (লার্জেস্ট ক্রপ ফিল্ড মোজাইক) ক্যাটাগরিতে গিনেজ রেকর্ডসে জায়গা করে নিয়েছে প্রতিকৃতিটি।
গিনেস বুক কর্তৃপক্ষ মঙ্গলবার ( ১৬ মার্চ) বিকেলে পৌনে চারটায় অফিসিয়ালি মেইল করে এ তথ্য নিশ্চিত করেছে। ইত্তেফাক অনলাইনকে এ কথা জানিয়েছেন, ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’-এর প্রধান পৃষ্ঠপোষক এবং আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বালেন্দার চোখজুড়ানো দিগন্ত বিস্তৃত মাঠেই তৈরি হয়েছে বিশ্বের সর্ববৃহত্ ‘শস্যচিত্রে বঙ্গবন্ধুর’ এই প্রতিকৃতি। এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’। এই আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার।
শিল্প-সমালোচক মঈনুদ্দীন খালেদ ইত্তেফাককে বলেন, ‘এটি একটি বিশাল ইন্সটলেশন আর্ট, বাংলায় যাকে বলা হয় স্থাপনা শিল্প। এভাবে ধানের চারা দিয়ে শিল্পসৃষ্টি একেবারেই নতুন ভাবনা। এটিকে নিউ মিডিয়া বলা যেতে পারে। এই স্থাপনা শিল্পে দেশের প্রধান শস্য ধানের সঙ্গে জাতির জনকের সম্পর্ক সৃষ্টি হয়েছে। মাটি আমাদের সম্পদ আর এই মাটি থেকেই মানুষটি উঠে এসেছেন যিনি বাংলাদেশের স্থপতি।’


