সন্ধান২৪.কম : বাংলাদেশে ফৌজদারি মামলার ইতিহাসে দ্রুততম বিচারে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাগেরহাটের একটি আদালত।
বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম সোমবার এ মামলার রায় ঘোষণা করেন। মামলার একমাত্র আসামি আব্দুল মান্নান সরদার (৫০) বাগেরহাট জেলার মোংলা উপজেলার মাকোড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয় প্রকল্প এলাকায় প্রয়াত আহম্মদ সরদারের ছেলে। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক।

তিনি বলেন, অভিযোগ ‘সন্দেহাতীতভাবে’ প্রমাণিত হওয়ায় ২০০০ সালের নারী ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হল।
আশ্রয়ন প্রকল্প এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ অক্টোবর মামলা হওয়ার পর ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। তার ঠিক এক সপ্তাহের মাথায় সোমবার রায় ঘোষণা করল আদালত। ধর্ষণের ঘটনার ১৬ দিনের মাথায় বিচার পেল শিশুটি।
বাংলাদেশে এত অল্প সময়ে আর কোনো ফৌজদারি মামলার বিচার শেষ হওয়ার নজির নেই বলে আইনজীবীরা জানিয়েছেন। ১২ অক্টোবর যেদিন এ মামলার অভিযোগ গঠন হয়, তখনও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। তার পরদিনই আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করে সরকার।


