ঘুষের টাকায় পুতিনের চোখ ধাঁধানো প্রাসাদ ! তুঙ্গে বিতর্ক

সন্ধান২৪.কম ডেস্ক: দুর্নীতি, অপশাসন-সহ একাধিক ইস্যুতে রাশিয়া জুড়ে চলছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ করেছেন রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সেই নাভালনি । ভিডিওটিতে দাবি করা হয়েছে, ঘুষের টাকায় একটি বিশাল বিলাসবহুল প্রাসাদ তৈরি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বহুদিন ধরেই পুতিন প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব অ্যালেক্সেই নাভালনি। ক্রেমলিনের অন্দরে টাকা নয়ছয় ও ক্ষমতার অপব্যবহার নিয়ে অতীতে বহু তথ্য ফাঁস করেছে নাভালনির সংস্থা ‘অ্যান্টি করাপশন ফাউন্ডেশন’।

গত ১৭ জানুয়ারি জার্মানি থেকে মস্কো ফিরলে তাঁকে গ্রেপ্তার করে রুশ পুলিশ। তারপরই ১৯ জানুয়ারি ইউটিউবে ঘণ্টা দু’য়েকের একটি ডকুমেন্টারি প্রকাশ করেন তিনি। মাত্র ৩ দিনের মধ্যেই প্রায় ৭ কোটি বার দেখা হয়েছে। সেখানে সাফ বলা হয়েছে, কৃষ্ণসাগরের পাশে প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি প্রসাদ রয়েছে পুতিনের। এই সম্পত্তির এলাকা ইউরোপের দেশ মোনাকোর চেয়ে ৩৯ গুণ বড়। বিভিন্ন মহল থেকে পাওয়া ঘুষের টাকায় ওই প্রাসাদ তৈরি করছেন পুতিন বলেও অভিযোগ করেন নাভালনি।

এদিকে, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ওই প্রাসাদের মালিক পুতিন নন। সেটির সঙ্গে প্রেসিডেন্টের কোনও সম্পর্ক নেই। প্রাসাদটি সরকারি নিরাপত্তা কর্তারা পাহাড়া দিচ্ছেন এমন দাবিকে ‘পুরোপুরি অর্থহীন’ বলে দাবি করেছেন পেসকভ।

উল্লেখ্য, আগস্টের ২০ তারিখ সাইবেরিয়ার টমস্ক থেকে বিমানে মস্কো ফিরছিলেন নাভালনি । মাঝ আকাশে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। উপায় না দেখে ওমস্ক শহরে বিমানের জরুরি অবতরণ করিয়ে শুরু হয় চিকিৎসা। নাভালনি ঘনিষ্ঠদের প্রাথমিক ধারণা, টমস্ক বিমানবন্দরে তাঁর চায়ে বিষ মেশানো হয়েছে।

Exit mobile version