চিনা দখলের খবর জানানোয় নেপালে সাংবাদিক খুন

প্রতীকী ছবি

সন্ধান২৪.কম : চিন যে শুধু লাদাখে ভারতীয় ভূখণ্ডে দখলদারি করছে তা নয়, চিনা  সীমান্ত টপকে গোরখা জেলার রুই নামে নেপালের একটি গ্রাম ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকাও কব্জা করে নিয়েছে। বিশ্বকে এই খবর জানিয়েছিলেন কাঠমান্ডুর একটি দৈনিকের যে সিনিয়র সাংবাদিক, এক দিন নিখোঁজ থাকার পরে তাঁর মৃতদেহ মিলেছে বাগমতী নদীর তীরে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের পাশে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, খুন করা হয়েছে নেপালি দৈনিক কান্তিপুরের সহকারী সম্পাদক বলরাম বানিয়া (৫০)-কে। 

নেপালের বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন বানিয়ার মৃত্যুর উচ্চ পর্যায়ের তদন্তের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে । কিন্তু সরকারের তরফে বিষয়টি নিয়ে বিশেষ উচ্চবাচ্য করা হচ্ছে না। যেমন চিনের আগ্রাসন ও ভূখণ্ডে দখলদারির বিষয়টি সামনে আসার পরেও কে পি শর্মা ওলির সরকার তা নিয়ে নিরুত্তাপ। প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস ইতিমধ্যেই অভিযোগ করেছে, ‘চিনের কাছে মেরুদণ্ড জমা দেওয়ার কারণেই যোগ্য প্রতিবাদ সরকার করতে পারছে না।’ এর পরে সাংবাদিক বানিয়ার খুন নিয়ে আতঙ্কিত সাংবাদিকেরা।

 

Exit mobile version