সন্ধান২৪.কম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় গ্রেপ্তার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দুই সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
দুপুরে এই দুজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কোতয়ালি থানার ওই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চার নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। এর আগে সেখানে আয়োজিত এক সমাবেশে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খান বলেন, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এমন নিষ্ঠুর কাজ কখনো কাম্য নয়।
এসময় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এতে ধর্ষণ বিরোধী আন্দোলন দমানোর জন্যই সরকার নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেন তারা। বিক্ষোভ সমাবেশে ছাত্র অধিকারের নেতাকর্মী ছাড়াও গ্রেফতারকৃত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ থেকে প্রেস ক্লাব অভিমুখে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
একজনও বাদ থাকলে অনশন চলবে :
গ্রেফতার না হওয়া ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে করা মামলায় দুই জন গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আসামীদের গ্রেফতারের দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সব আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে অনশন শুরু করেন এই ছাত্রী।
সোমবার সন্ধ্যায় তিনি বলেন, ‘আজকে দুই জনকে আসামীকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। সেক্ষেত্রে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। তবে ছয়জন আসামীর প্রত্যেকে গ্রেফতার করা পর্যন্ত আমি এখানে অবস্থান করবো।’ নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমি অসুস্থ ছিলাম, ব্লাড প্রেশার কমে গিয়েছিলো। আজকে আবার গলায় সমস্যা হচ্ছে। তবে এখন সুস্থ আছি’।


