জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু ঃ মায়ানমারের পক্ষ ত্যাগ করেছে ৯ দেশ

সন্ধান২৪.কম ঃ মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গণহত্যা ও সংখ্যালঘু নির্যাতন বিষয়ে জাতিসংঘে এক প্রস্তাব গৃহীত হয়েছে।এবার প্রস্তাবের ভোটাভুটিতে মায়ানমার আরও কম ভোট পেয়েছে বলে অন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।এই ভোটাভোটিতে ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ এই ৯টি দেশ তাদের অবস্থান পাল্টেছে।

২০১৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে মায়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু বিষয়ক প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোন অবস্থান না দিয়ে ‘অ্যাবস্টেনশন’ বা ‘অ্যাবস্টেইন’ ভোট দিয়েছিল তারা । এবার ৯টি দেশ পক্ষে ভোট দেয়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্লেনারি অধিবেশনে মায়ানমারের রোহিঙ্গা ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে একটি প্রস্তাবে ওই দেশগুলো ‘অ্যাবস্টেইন’ অবস্থান থেকে সরে এসে পক্ষে ভোট দিয়েছে। বৃহস্পতিবার রাতে শেষ পর্যন্ত প্রস্তাবটি গৃহীত হয়েছে ১৩০-৯ ভোটে। বাংলাদেশসহ ১৩০টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মায়ানমার, চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে-এই ৯টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপানসহ মোট ২৫টি দেশ পক্ষ ও বিপক্ষ কোন দিকেই না যেয়ে ‘অ্যাবস্টেইন’ ভোট দিয়েছে।

নিউইয়র্ক টাইম’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মায়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য-প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণে গঠিত আন্তর্জাতিক কাঠামোর জন্য অর্থায়নসহ বেশকিছু ইস্যুতে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটিতে দেরি হচ্ছিল। অবশেষে বছরের শেষ দিনে ২০২০ সালের ৩১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের প্লেনারি অধিবেশনে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রস্তাবটি গৃহীত হয়েছে।

এদিকে ভোটাভুটির আগে জাতিসংঘে মায়ানমারের স্থায়ী প্রতিনিধি কিয়াউ মো তুন প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন, রাখাইন রাজ্য পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপ সৃষ্টির ফল ভালো হবে না। এই চাপকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার ইস্যুতে জাতিসংঘকে অপব্যবহার করা এবং চাপ দেয়াকে মায়ানমার মেনে নেবে না। জাতিসংঘে মায়ানমারের স্থায়ী প্রতিনিধি তার দেশে নেয়া উদ্যোগের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি মায়ানমার মানবাধিকারের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, এটি রাখাইন রাজ্যে সংকট সমাধানে কোন কাজে আসবে না। মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মায়ানমারের বিরুদ্ধে তৃতীয় কমিটির নেয়া প্রস্তাব বৃহস্পতিবার রাতে ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম প্লেনারি অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবটি নিয়ে প্লেনারি অধিবেশনের সিদ্ধান্তের আগে মায়ানমার এ নিয়ে ভোটাভুটির আহ্বান জানিয়েছিল।

 

Exit mobile version