সন্ধান২৪.কম : দেশবরেণ্য নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদের পরিকল্পনা ও নির্দেশনায় আবার মঞ্চে আসছে নতুন নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’। আগামী ১৮-৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় রাজধানীর নাটক সরণির (বেইলী রোড) বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়িত হবে নাটকটি । সারাহ কেইনের ‘৪.৪৮ সাইকোসিস’ থেকে ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটকটি বাংলায় অনুবাদ করেছেন শাহমানমাইশান এবং শরীফ সিরাজ। এটি প্রযোজনা করছে স্পর্ধা।

ঢাকার মঞ্চে সৈয়দ জামিল আহমেদের নাটক মানেই দর্শকের তুমুল আগ্রহ। এর আগে ‘চাকা’ ‘বিষাদ সিন্ধু’, ‘বেহুলার ভাসান’, ‘সঙভঙচঙ’ নাটকগুলো নির্দেশনা দিয়ে প্রশংসিত হয়েছেন জামিল আহমেদ। পরে বেশ কিছুদিন বিরতি নিয়ে ‘রিজওয়ান’, ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নামের দুটি নাটক নির্দেশনা দেন। এ দুটি নাটক দেশের নাট্যাঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করে।
প্রযোজনা সংগঠন ‘স্পর্ধা’ থেকে নাটক প্রসঙ্গে বলা হয়েছে, ‘৪.৪৮ সাইকোসিস একটি অনন্য কাব্যশৈলী যা নির্মিত হয়েছে রৈখিক আখ্যানকে প্রত্যাখ্যান করে এবং আলিঙ্গন করেছে উত্তর নাটকীয় কাঠামো; যাতে একীভূত হয়েছে দীর্ঘ একক কথন, চেতনার প্রবাহ, স্বগতোক্তি, দৈনন্দিন জীবনের কথোপকথন এবং দর্শকদের সরাসরি সম্বোধন করে বিবরণ। নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হল এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণœতার জন্ম; কারণ তিনি সমাজে ব্যাপকভাবে সহিংসতার সাক্ষী। যেমন- ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আমৃত্যু নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং সমাজে বিশৃঙ্খল অনিশ্চয়তা।