সন্ধান২৪.কম : নাগোরনো-কারাবাখ অঞ্চলের গুবাদলিতে আজারবাইজানের আক্রমণের মুখে ট্যাংক-গোলা ছেড়ে পালিয়েছে আর্মেনীয় বাহিনী। দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজান। তৃতীয় যুদ্ধবিরতিও মানছে না দুই পক্ষ।

যুদ্ধক্ষেত্রে আর্মেনীয়দের ফেলে যাওয়া সামরিক সরঞ্জামাদির একটি ভিডিও প্রকাশ করে। বুধবার আজেরি সংবাদমাধ্যম আজভিশন সেই ভিডিওটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। তিন মিনিট ৩৪ সেকেন্ডে ভিডিওটিতে দেখা যায়, কয়েটি ট্যাংক, গোলাবারুদ, সামরিক জিপ, মেশিনগানসহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি।

এক মাসের বেশি সময় ধরে নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। প্রথম থেকেই দুই দেশকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করছে রাশিয়া। দুইবার যুদ্ধবিরতির প্রস্তাবও হয় রাশিয়ার মধ্যস্থতায়।কিন্তু অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দুইটি দেশ। এরই মধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো। এর আগে এক খবরে বলা হয়, আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের সেনারা নাগোরনো-কারাবাখের আরেকটি শহর ছেড়ে চলে গেছে। কৌশলগত এই শহরের দখল নিতে পারা আজারবাইজানের জন্য চলমান সংঘর্ষে আরেকটি সাফল্য।


