সন্ধান২৪.কম: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে ট্রাম্পপন্থীদের সশস্ত্র বিক্ষোভের যে আশঙ্কা করা হয়েছিল, তা অনেকটাই সত্যি হয়েছে। গত রবিবার দেশটির বিভিন্ন স্টেট হাউসের (রাজ্য আইনসভা) সামনে বিক্ষিপ্ত বিক্ষোভ করেছে ট্রাম্পপন্থীরা। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই ছিল সশস্ত্র।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তারা বলছেন, শপথ অনুষ্ঠানের দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যই হামলা চালিয়ে বসেন কি না, সে বিষয়টি নিয়েও দুশ্চিন্তা রয়েছে। এ জন্য শপথ অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁদের অতীত ঘেঁটে দেখতে এফবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তাঁর শপথের দিনে কিংবা আগে ট্রাম্পপন্থীরা দেশজুড়ে সশস্ত্র বিক্ষোভ করতে পারে বলে সতর্ক করে দিয়েছিল এফবিআই। আর সেই বিক্ষোভ ১৭ জানুয়ারি হতে পারে বলেও জানিয়েছিল তারা।
এদিকে বিদায়ের আগে শতাধিক সাধারণ ক্ষমার আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে হত্যা মামলা থেকে শুরু করে ধর্ষণ মামলার আসামিও আছে। যারা ক্ষমা পেতে যাচ্ছে, তাদের বেশির ভাগই শ্বেতাঙ্গ। সিএনএন জানায়, গত রবিবার হোয়াইট হাউসের বিশেষ এক সভায় সাধারণ ক্ষমা পাওয়া ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হয়। সূত্র : এএফপি, বিবিসি।
