ডোনাল্ড লু শনিবার ঢাকায় যাচ্ছেন

সন্ধান২৪.কম: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শনিবার ঢাকায় যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ছাড়াও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে। ডোনাল্ড লু বর্তমানে নয়াদিল্লি সফরে আছেন।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন, এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, আলোচনায় শুধু একটি নয়, বিস্তৃত বিষয় থাকবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানান, আলোচনায় যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

লু ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন।

প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের প্রতিনিধিরা থাকবেন।

 

Exit mobile version