ঢাকার মন্দিরে মন্দিরে ঘুরে স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী, ধরা পড়লেন চক্রের ৪ জন

সন্ধান২৪.কম ডেস্ক : মন্দিরে ঘুরে ঘুরে প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কার চুরি করতেন এক দম্পতি। পরে চুরি করা স্বর্ণ বিক্রি করতেন বিভিন্ন জুয়েলারি দোকানে। গ্রেফতার দম্পতি হলেন লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দ্বীপ্ত (৩০)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

 রাজধানীর দুটি ও নারায়ণগঞ্জের একটি মন্দিরে প্রতিমার স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় ওই দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন স্বর্ণালঙ্কারের দোকানি। এ ছাড়া আরও কয়েকটি চুরির ঘটনায় ওই দম্পতির সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।

 গ্রেফতার দম্পতি হলেন লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দ্বীপ্ত (৩০)। এ ছাড়া রমনা কালী মন্দিরের চুরি হওয়া স্বর্ণ কেনার অভিযোগে মো. মুহিন (৩৭) এবং সিদ্ধেশ্বরী কালী মন্দিরের চুরি হওয়া স্বর্ণ কেনার অভিযোগে জাকারিয়া ইসলাম নামে দুই দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি রাজধানীর রমনা কালী মন্দিরের কালী প্রতিমার জিহ্বায় থাকা স্বর্ণ চুরির ঘটনায় তদন্ত করতে গিয়ে লিপি কর্মকার ও অর্ণব রায়কে শনাক্ত করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দির ও নারায়ণগঞ্জের লোকনাথ আশ্রমে স্বর্ণ চুরির ঘটনায়ও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। চুরি হওয়া স্বর্ণের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।

রমনা কালী মন্দিরে চুরি
গত ৭ অক্টোবর সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর শাহবাগ থানাধীন শ্রী শ্রী রমনা কালী মন্দিরে কালী প্রতিমার জিহ্বায় থাকা স্বর্ণ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া স্বর্ণের ওজন আনুমানিক ছয় আনা, যার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুজিত চক্রবর্তী শাহবাগ থানায় অভিযোগ করেন। পরে মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে পুলিশ।

পুলিশ জানায়, গত রোববার (১১ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরখান থানার ডোবাদিয়া এলাকা থেকে লিপি কর্মকার ও অর্ণব রায় ওরফে দীপ্তকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানাধীন সাদিয়া জুয়েলার্সের মালিক মোহাম্মদ মুহিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণের একটি অংশ—দুই আনা এক রতি চার পয়েন্ট ওজনের স্বর্ণের পাত উদ্ধার করা হয়েছে।

সিদ্ধেশ্বরী কালী মন্দিরেও চুরি
গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রতিমার স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় মামলা করা হয়।

রমনা কালী মন্দিরের স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার লিপি কর্মকার ও অর্ণব রায়কে জিজ্ঞাসাবাদে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের চুরির ঘটনায়ও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকারিয়া ইসলাম নামে আরও এক জুয়েলারি দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকেও চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের মন্দিরেও চুরির অভিযোগ
রাজধানীর দুটি মন্দির ছাড়াও নারায়ণগঞ্জের একটি মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় ওই দম্পতির সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।

ফারুক হোসেন জানান, গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের দেবভোগ মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করে পালানোর সময় লিপি কর্মকার ও অর্ণব রায় এক পুরোহিতের হাতে ধরা পড়েন। পরে মন্দির কমিটির সদস্যরা তাদের ছেড়ে দেন।

 

Exit mobile version