তালেবানেরা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে বললো যুক্তরাষ্ট্রকে

সন্ধান২৪.কমঃ মঙ্গলবার তালেবানরা আফগানিস্তান থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে ।  আমেরিকান নাগরিকদের উদ্দেশে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন তালেবানের প্রধান আলোচক মোল্লা আবদুল গণি বারাদার। তিনি বলেন, বাইডেন প্রশাসনের প্রতি তালেবানের আহ্বান, তারা যেন ২০২০ সালে স্বাক্ষরিত সেনা প্রত্যাহার সংক্রান্ত শান্তি চুক্তি থেকে সরে না যায়। কেননা এটি আফগানিস্তানে যুদ্ধ বন্ধের সবচেয়ে কার্যকর উপায়। কেননা, এর ফলে এরইমধ্যে যুদ্ধক্ষেত্রের পরিধি হ্রাস পেয়েছে। আফগানিস্তানের বিভিন্ন পক্ষের মধ্যে শান্তি আলোচনার সূচনা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির শর্তগুলো বাস্তবায়নের জন্য মার্কিন জনগণ যেন তাদের সরকারকে জবাবদিহিতার সম্মুখীন করে।

কাতারের রাজধানীতে তালেবানের রাজনৈতিক দফতরের প্রধান বারাদার লিখেছেন, ‘দোহা চুক্তি স্বাক্ষরের এক বছর পেরিয়ে আমরা এখন আমেরিকান পক্ষকে বলবো তারা যেন এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকে।

বারাদার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিলেন তাতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং অন্যান্য যেসব বিদেশি শক্তি এই যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত তারা যেন ২০২১ সালের মে মাস নাগাদ আফগানস্তান ত্যাগ করে।

 

Exit mobile version