সন্ধান২৪.কম : দুই কৃতি সাংস্কৃতিক কর্মী তাসিন ফেরদৌস ও তাহমিনা পারভীন বীথির শোক সভার আয়োজন করে “একাত্তরের প্রহরী ফাউনেডশন, নিউইয়র্ক”।
গত কাল ২৮ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্টে সন্ধ্যে ৭টায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বিপার সংগঠক ও ভরতনাট্যম শিল্পী তাসিন ফেরদৌস এবং প্রয়াত মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল কদ্দুস আজাদের কন্যা তরুণ রাজনীতিক তাহমিনা পারভীন বীথিকে স্মরণ করে নিরবতা পালন,সঙ্গীত পরিবেশন ও আলোচনা করা হয়।

সংগঠনের সভাপতি ড. নুরন নবীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া । অনুষ্ঠান উপস্থাপনা করেন গোপন সাহা । দুই প্রয়াযতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ নেন ড. জিনাত নবী, মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, কবি ফকির ইলিয়াস, ছড়াকার মনজুর কাদের, সাংবাদিক শামীম আল আমিন, আসলাম আহমেদ খান, জাকারিয়া চৌধুরী, রওশন আরা নিপা, আব্দুল কাদের মিয়া, সাংস্কৃতিক কর্মী গোপাল স্যানাল, স্বাধীন মজুমদার, মনিরা আকঞ্জি, সুতিপা সাহা, পিনাকী ভট্টাচার্য্য প্রমুখ । এছাড়াও আলোচনা ও সঙ্গীত পরিবেশন করেন মৃদুল আহমেদ ও তাহমিনা লাইজু।
এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শোক সভা শুরু হয়।এরপর দুই প্রয়াযতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত কন্ঠে “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” গানটি পরিবেশন করা হয়। অনুষ্ঠান চলার সময় প্রয়াত তাসিন ফেরদৌসের বাবা জাফর ফেরদৌস ও মা এ্যানি ফেরদৌসের পাঠানো একটি শোকবার্তা পড়ে শোনান স্বীকৃতি বড়ুয়া।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিপার অন্যতম সংগঠক জাফর ফেরদৌস এবং এ্যানি ফেরদৌসের মেয়ে তাসিন ফেরদৌসের গত ১৮ অক্টোবর রবিবার সকালে নিউইয়র্কের একটি হাসপাতালে অকালে মৃত্যু হয় !
শোক সভায় বক্তরা বলেন,৩৫ বছর বয়সে চারদিনের ভেতরে অজানা কোনো ঘাতক ভাইরাস তাসিন ফেরদৌসের প্রাণ কেড়ে নিলো! একটি ছোট্ট জীবনের আলো নিভে গেল অকালে!তার মৃত্যুতে উত্তর আমেরিকায় বাংলা ভাষা, সভ্যতা, সংস্কৃতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি হলো।
তাহমিনা পারভিন বীথির প্রতি শ্রদ্ধা রেখে বক্তারা বলেন,মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কদ্দুস আজাদের সন্তান বীথি শুধু একজন সাংস্কৃতিক কর্মীই ছিলেন না । তিনি ছিলেন মুক্তিযুদ্ধের আদর্শের এক লড়াকু সৈনিক।
বক্তরা বলেন,এই দুই সাংস্কৃতিক কর্মীর মৃত্যু হলেও তাদের কাজ থেকে যাবে। তাদের অনুপ্রেরণা ও অদম্য কর্ম্যজ্ঞের জ্যোতি থেকে যাবে।