দখলে নিতে পারে চিন, ঘুম হারাম তাইওয়ানের

সন্ধান২৪.কম : লাগাতার দখলের হুমকি দিয়ে তাইওয়ানের উপর প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে চিন । অদূর ভবিষ্যতে হংকংয়ের মতো পরিণতি হতে পারে তাদেরও। সেই আশঙ্কাতেই এখন ঘুম হারাম হয়ে গেছে তাইওয়ান প্রশাসনের। 

মার্কিন স্বাস্থ্যসচিব অ্যালেক্স আজ়ার তিন দিনের কূটনৈতিক সফরে রবিবার তাইওয়ানে আসলে তার কাছে মঙ্গলবার এই আশঙ্কা প্রকাশ করলেন তাইওয়ানের বিদেশমন্ত্রী জোসেফ উ। যার জেরে আরও এক বার প্রতিবেশী দেশগুলির প্রতি চিনের আগ্রাসী নীতির দিকে সরাসরি আঙুল উঠল। 

তাইওয়ান তার আগে থেকেই  চিনের চোখরাঙানির শিকার হতে হচ্ছে বলে সুর চড়াচ্ছিল । সেই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আজ়ারের বৈঠকের আগে চিন-তাইওয়ান সীমান্তবর্তী তাইওয়ান প্রণালীর উপরে বেশ কয়েকটি চিনা যুদ্ধবিমানকে ঘুরতে দেখা যায় বলেও অভিযোগ করা হয়েছে গত কাল। 

আজ তাইওয়ানে দাঁড়িয়ে চিনের বিরুদ্ধে মুখ খুলেছেন মার্কিন স্বাস্থ্যসচিবও। করোনা অতিমারি পরিস্থিতির পিছনে চিনই দায়ী, এই দাবি করে আজ়ার বলেন, ‘‘করোনা পরিস্থিতির প্রাদুর্ভাব যদি তাইওয়ান বা আমেরিকা থেকে হত, তা হলে গোড়া থেকেই এর মোকাবিলা অনেক দায়িত্বশীল ভাবে করা হত। চিন সেই দিক থেকে সম্পূর্ণ ব্যর্থ।’’  পাশাপাশি এই ভাইরাস-হানার বিষয়টি গোটা বিশ্বের কাছে লুকোনোর আপ্রাণ চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘‘বেজিং করোনা নিয়ে বিশ্বকে আগেই সতর্ক করতে পারত, পরিস্থিতির মোকাবিলার জন্য সাহায্য চাইতে পারত, তবে তারা তা প্রয়োজন মনে করেনি। যার খেসারত এখন দিতে হচ্ছে গোটা বিশ্বকে।’’ 

 

Exit mobile version