সন্ধান২৪.কম : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ দাস ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে সুইডিশ রাজপরিবার ও সরকারকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে ।‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সমর্থকরাও এই দাবিকে সমর্থন জানিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে দীর্ঘদিন ধরে। ‘দাস ব্যবসায় নিয়োজিত থেকে সুইডেন ও সুইডেনের রাজপরিবার এক সময় লাভবান হয়েছিল বলে দাবি করেন ক্যারিবিয়ান সম্মিলিত রাজ্যগুলো নিয়ে গঠিত ‘ক্ষতিপূরণ কমিশনের’ সদস্য ভেরেনা শেফার্ড।
ক্ষতিপূরণ- বা ক্ষমাপ্রার্থনার ব্যাপারে কোন অফিসিয়াল দাবি সরকারের হাতে আসেনি বলে জানায় সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয়। সুইডেনের রাজপরিবারও কোন ধরনের মন্তব্য করা থেকে বিরত রয়েছে।

উল্লেখ্য যে, সুইডেনের রাজা গুস্তভ (তৃতীয়) তাঁর রাজতন্ত্রের অধীনে একটা উপনিবেশ চেয়েছিলেন। ১৭৮৪ সালে তিনি সুইডেনের উপকূল শহর গোথেনবার্গে ফ্রান্সকে অবাধ বানিজ্যের সুবিধার দেয়ার বিনিময়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপ সেন্ট-বার্থলেমী ফ্রান্সের কাছ থেকে পেয়েছিলেন।
ক্যারিবীয় অঞ্চলে সুইডেনের সাবেক ও একমাত্র উপনিবেশ ‘সেন্ট বার্থলেমি’ পর্যবেক্ষকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং ধন-সম্পদের খনি হিসেবে বিশেষভাবে পরিচিত। এখানকার রাস্তাগুলোর নাম এখনও সুইডিশ নামকরণে রয়েছে এবং রাজ্যের প্রধান শহরটির নাম সুইডেনের রাজা তৃতীয় গুস্তাভের নামে ‘গুস্তাভিয়া’ নামকরণ করা হয়েছিল যা এখনো বহাল রয়েছে।