সন্ধান২৪.কম : খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘‘দু’সপ্তাহ অপেক্ষা করুন। করোনা-মোকাবিলায় এ বার সত্যিই দারুণ ভাল খবর দিতে চলেছি।’’
আমেরিকাও করোনা-প্রতিষেধক তৈরির দৌড়ে এ বার ঢুকে পড়ল । প্রেসিডেন্ট নির্বাচনের আর ১০০ দিনও নেই। এ দিকে তাঁর প্রতিপক্ষ ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। সেই কারণে ট্রাম্প দ্রুত টিকার-দৌড়ে বাজিমাত করতে চাইছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ নিয়েও প্রচার চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট। ‘টিকা-যুদ্ধ’ জিততে মরিয়া মার্কিন বায়োটেকনোলজি সংস্থা মডার্না এবং ফাইজ়ার-ও। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে জোট বেঁধে গত কালই তারা নেমে পড়েছে তাদের সম্ভাব্য ভ্যাকসিন ক্যান্ডিডেটের তৃতীয় অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে। এই পর্যায়ে ৩০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেবেন। সাফল্য মিললে চলতি বছরের শেষেই মার্কিন ভ্যাকসিন বাজারে আসবে বলে মনে করছে ট্রাম্প শিবির।
এ দিকে আমেরিকায় মৃত্যুমিছিল চলছেই। এই অবস্থায় লকডাউন আরও শিথিল করার পাশাপাশি টিকা-তৈরিতেই জোর দিতে চাইছে ট্রাম্প প্রশাসন।
