নিউ ইয়র্কে ১৬৮ বছরের চলা ঘোড়ার গাড়ির ঐহিত্যের অবসান, সিদ্ধান্ত  মেয়র মামদানির

নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি।

সন্ধান২৪.কম ডেস্ক : নিউ ইয়র্কের  সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলেন শহরের মেয়র জোহরান মামদানি। এর জেরে ২০২৮ সালের ১ জুন থেকে গোটা শহরজুড়েই বন্ধ হয়ে যাবে ঘোড়ার গাড়ির চলাচল।

১৮৫৮ সালে নিউ ইয়র্কের (New York) সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি চলাচল শুরু হয়েছিল। মাঝে কেটে গিয়েছে দেড়শো বছরেরও বেশি সময়। এবার সেই ঐতিহাসিক পার্কে ঘোড়ার গাড়ি চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলেন শহরের মেয়র জোহরান মামদানি। শহরে লাগু হল রোমাঞ্চ আইন। আর এর নেপথ্যে রয়েছেন এক ভারতীয় তরুণ। রোমাঞ্চ মহাজন নামে ওই তরুণের অকালমৃত্যুই বদলে দিল আইন।

নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি।

বহুদিন ধরেই নিউ ইয়র্ক শহরের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির চলাচল নিয়ে বিতর্ক চলছিল। ঘোড়ার অতিরিক্ত পরিশ্রম, ক্লান্তি ইত্যাদি ঘিরে পশুপ্রেমী সংগঠনগুলি প্রশ্ন তুলছিল এই গাড়ি চালানোর যৌক্তিকতা নিয়ে। দীর্ঘদিন ধরেই তাঁরা ঘোড়ার গাড়ি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের অভিযোগ, যানজটপূর্ণ রাস্তায় ঘোড়া দিয়ে পর্যটকবাহী গাড়ি টানানো প্রাণীদের জন্য অমানবিক। আর এই বিতর্কই নতুন মাত্রা পায় চলতি বছরের জুনে। সেই সময় ঘোড়ার গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারান ১৮ বছরের রোমাঞ্চ মহাজন। পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে বেড়াতে গিয়ে ঘোড়ার গাড়িতে উঠেছিলেন তিনি। আচমকাই ঘোড়াটি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটতে শুরু করলে মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আর এই মৃত্যুর পরই ঘোড়ার গাড়ির চলাচল বন্ধের দাবি আরও জোরালো হয়ে ওঠে। অবশেষে লাগু হল আইন।

তবে প্রশ্ন উঠেছে, এই শিল্পের সঙ্গে জড়িত দুশোরও বেশি নিউ ইয়র্কবাসী। মামদানি জানিয়েছেন, নয়া আইন বাস্তবায়নের সময় তাঁদের জীবিকা ও ভবিষ্যতের বিষয়টি নিয়েও আলোচনা করা হবে। এমনকী, ঘোড়ার গাড়ির বিকল্প হিসেবে বৈদ্যুতিক যানবাহন চালুর কথাও ভাবছে মামদানি প্রশাসন। আগামী বছরের এপ্রিলে এই বিষয়ে বিস্তারিতপরিকল্পনা প্রকাশ করতে পারে তারা।

 

Exit mobile version