নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে

জিনাত বরকতুল্লাহ

সন্ধান২৪.কম : বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃত অভিনেত্রী নৃত্যশিল্পী ও  জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক শনিবার রাতে  বলেন, “জিনাত গত ২২ ডিসেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার মেয়ে বিজরী (অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ) বলল, অবস্থা নাকি খুব খারাপ।”

অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ সন্ধ্যায় এক ফেইসবুক পোস্টে লিখেছেন, তার মা জিনাত আইসিইউতে ভর্তি রয়েছেন, তার অবস্থা গুরুতর।

মেয়ে বিজরী বরকতুল্লাহর সঙ্গে জিনাত বরকতুল্লাহ

জিনাত বরকতুল্লাহর স্বামী নৃত্যশিল্পী মোহাম্মদ বরকত উল্লাহ গত ৩ অগাস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন জিনাত করোনাভাইরাস সংক্রমিত হলেও তিনি এখন এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানান মিনু হক।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিনাত বরকতুল্লাহ।ভরতনাট্যম, কত্থক, মণিপুরী- উপমহাদেশের শাস্ত্রীয় নৃত্যের তিন ধারায় তালিম নিলেও জিনাত বরকতুল্লাহ পরে লোকনৃত্যকেই তার জীবনের পাথেয় করে নেন। দুই মেয়ে বিজরী বরকতু্ল্লাহ ও কাজরী বরকতুল্লাহ তখন বেশ ছোট ছিলেন বলে শাস্ত্রীয় নৃত্যে সময় দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না।

১৯৮০ সালে জিনাত বরকতুল্লাহ বিটিভির নাটক ‘মারিয়া আমার মারিয়া’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। সে নাটকে তিনি স্কার্ট ও ট্রাউজার পরে পর্দায় হাজির হয়েছিলেন বলে রক্ষণশীল সমাজে সমালোচনার ঝড় ওঠে।

পরে তিনি আলোচিত ধারাবাহিক ‘ঘরে বাইরে’, ‘অস্থায়ী নিবাস’, ‘বড় বাড়ি’, ‘কথা বলা ময়না’সহ বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেন। জিনাত বরকতুল্লাহ নৃত্যশিল্পে অবদানের জন্য ২০১৮ সালে শিল্পকলা একাডেমি পদক পেয়েছেন। গুণী এই নৃত্যশিল্পী বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, নৃত্যাঞ্চল ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা পরিষদের সদস্য।

 

Exit mobile version