সন্ধান২৪.কম ঃ দুই প্রতিবেশী দেশ চিন ও নেপালের পর এবার ভুটানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ল ভারত। অভিন্ন নদীগুলোর বন্যা নিয়ন্ত্রণ ও সেচের কাজে পানির ব্যবহার নিয়ে এবার ভুটানের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়লো ভারত।
ভারতের কৃষকদের চাষের পানি গতকাল থেকে দেওয়া বন্ধ করে দিয়েছে ভুটান। বিষয়টি নিয়ে প্রতিবাদে নেমেছেন আসামের গরিব চাষিরা। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইছেন তারা। ভুটান সরকার অবশ্য মুখে কুলুপ এঁটেছে।
সেই ১৯৫৩ সাল থেকে আসামের বাকসা জেলায় একটি সেচ চ্যানেল দিয়ে কৃষকদের পানি দিত ভুটান। সেই পানি দিয়ে চাষ করেই জীবিকা নির্বাহ হয় প্রায় ২৬ গ্রামের চাষিদের। হঠাত্ই সেই পানি দেওয়া বন্ধ করে দেয় ভুটান। মাথায় হাত চাষিদের। কীভাবে মিটবে এই সমস্যা, তা নিয়ে কিছুই ভেবে পাচ্ছেন না তারা। বাকসার জেলা প্রশাসনও বিবিসিকে নিশ্চিত করেছে যে, তারা বিষয়টি নিয়ে ভুটানের কাছে প্রতিকার চেয়েছে।
লিপুলেখ, কালাপানি ও লিম্পুয়াধারার মতো সীমান্তের বিতর্কিত এলাকাগুলোকে নেপাল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার জেরে দিল্লি ও কাঠমান্ডুর মধ্যে ঠান্ডা লড়াই চলছে বেশ কিছু দিন ধরেই। এখন তাতে নতুন মাত্রা যোগ করেছে গন্ডক ব্যারাজ নিয়ে দুই দেশের বিরোধ।
বহু বছরের সমঝোতা অনুসারে সীমান্তবর্তী এই ব্যারাজটি ভারতই বরাবর রক্ষণাবেক্ষণ করে এসেছে। কিন্তু এই মওসুমে টানা ১০ দিন চেষ্টা চালানোর পরও ভারতীয় প্রকৌশলীরা সে কাজে সফল হননি, বুধবারও তাদের ব্যারাজ থেকে ফিরে আসতে হয়েছে।
