সন্ধান২৪.কমঃ চিত্রনায়িকা পরীমণিকে হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টা মামলা তদন্ত করতে গিয়ে অনেক ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে। তুহিন সিদ্দিকী অমির অনেক ধন-সম্পদের সন্ধান পেয়েছে ডিবি।

তুহিন সিদ্দিকী অমির কেলেঙ্কারীর সাথে সাথে রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসছে। ওই ঘটনার পর বিমানবন্দর থানা ও দক্ষিণখান থানায় দুটি মামলা হয়। এই দুই মামলায় আসামি হচ্ছেন তুহিন সিদ্দিকী অমি।
৭ দিনের রিমান্ডে নিয়ে অমিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে অমির বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে পুলিশ। অমির সঙ্গে আরও দুই সহযোগী রয়েছেন, যারা ক্লাব পাড়ায় মদ, জুয়া ও সুন্দরী নারীদের ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ক্লাব রিসোর্টের আড়ালে মানবপাচারের অবৈধ ব্যবসা করে দেশে অঢেল সম্পত্তি ও বিদেশে টাকা পাচার করে সেকেন্ড হোমের সন্ধান পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) বলেন, অমিকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণ সম্পদের তথ্য মিলেছে। অমির আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছে। তাদেরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। শুধু ঢাকায় নয়, অমির গ্রামের বাড়ি টাঙ্গাইলেও আছে একটি ডুপ্লেক্স বাড়ি। আছে অমি জেনারেল হাসপাতাল, হোটেল, মার্কেট থেকে শুরু করে মসজিদ-মাদ্রাসা-এতিমখানা। ৫০ বিঘা আবাদি জমির মালিকও তিনি। তার ১৫টি প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে তিনটি বাড়ি ও তিনটি রিসোর্ট।
অমির অপর দুই সহযোগী নাজিম ও অপু প্রসঙ্গে হারুন অর রশীদ আরও বলেন, এদের কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। অমির সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার তথ্যও আমরা পেয়েছি।