ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করতে গিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য গান গাইতেন । সেই গান ইন্টারনেটে ভাইরাল হলে মুহূর্তেই পরিচিতি পেয়ে যান ভুবন।
‘আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’ গাওয়া সেই ভুবন বাদ্যকর কিছুদিন আগে টলিউড সুপারস্টার জিৎ-এর সঞ্চালনায় একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে মন বিষাদ করে জানান, তাকে নিয়ে চারিদিকে এত মাতামাতি, কিন্তু তিনি এখনো সেই মাটির ঘরেই থাকেন।
তার সেই কাঁচা মাটির ঘর এখন পাকা দালান হয়ে গেছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে ভুবন বাদ্যকরের নতুন বাড়ির ঝলক। পশ্চিমবঙ্গের দুবরাজপুরে যেখানে ভুবনের বাড়ি ছিল, তার পাশেই গড়ে উঠেছে পাকা বাড়ি। ভেতরে বসেছে নীল রঙের টাইলস। ঢালাই হয়ে গেছে, ভেতরের দুটো ঘর সাজানো শেষ। এক ইন্টেরিয়র ডিজাইনার স্বেচ্ছায় ভুবনের ঘর সাজিয়ে দিয়েছেন।
এত কিছু পেয়ে ভুবন বাদ্যকরের আনন্দের সীমা নেই। তিনি জানান, সবটাই সম্ভব হয়েছে মানুষের ভালোবাসায়। এমন বাড়ি বানানোর কথা তিনি স্বপ্নেও ভাবেননি কোনদিন। কিন্তু মানুষের ভালোবাসায় সেটা এখন বাস্তবে পরিণত হয়েছে।
জানা গেছে, দিন কয়েক আগে ঝড়ে ভুবনের পুরনো বাড়ির চাল উড়ে যায়। তাই আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বাড়িতে উঠেছেন তিনি। কেবল নিজের স্ত্রীকে নিয়ে থাকতে চান না ভুবন। তিনি জানান, তার ভাই-ভাবিও প্রয়োজনে এ বাড়িতে থাকতে পারবেন।
